ছয় বলে ছয় উইকেট তুলে ক্রিকেটবিশ্বকে চমকে দিলেন ইংলিশ পেসার

Published:

England Pacer Double Hat-trick

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেটে বহু অসাধ্য সাধনের সাক্ষী থেকেছেন বিশ্ববাসী। তবে এবার যা ঘটল তা এই জনপ্রিয় খেলায় যথেষ্ট বিরল (England Pacer Double Hat-trick)। 6 বলে পরপর 6টি উইকেট নিয়ে গোটা ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন ইংল্যান্ডের পেসার মাইলস ডেভিস। গত শনিবার, ইংল্যান্ডের দক্ষিণ স্ট্যাফোর্ডশায়ার কাউন্টি লিগে পেনক্রিজ ক্রিকেট ক্লাব বনাম পেলসাসের ম্যাচ চলাকালীন এই কীর্তি গড়েন ওই ইংলিশ বোলার।

ইংলিশ বোলারের কীর্তিতে অবাক বিশ্ব ক্রিকেট!

এদিন প্রথমে ব্যাট করতে নামে পেনক্রিজ। 45.3 ওভার খেলে 168 রান তুলেছিল এই দল। পরবর্তীতে প্রতিপক্ষের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে নাকের জলে চোখের জলে হয় পেলসাল। এদিন মাত্র 52 রানে প্রতিপক্ষ দলকে গুঁড়িয়ে দিয়েছিল পেনক্রিজের বোলাররা। তবে এই সাফল্যের নেপথ্যে সবচেয়ে বড় অবদান রয়েছে ডেভিসের।

বলাই বাহুল্য, এই বোলার একার হাতে 7 উইকেট তুলেছেন। তাও আবার মাত্র 16 রান খরচ করে। এক কথায় বলাই যায়, ইংলিশ পেসারের হাতেই জব্দ হয়েছে পেলসাস। এ দিনের ম্যাচে নবম ওভারে বল হাতে মাঠে নামানো হয়েছিল ডেভিসকে। এর আগে অবশ্য প্রতিপক্ষের একটি উইকেট ভেঙে রেখেছিলেন তিনি। নিজের পঞ্চম ওভারে বল করতে গিয়ে প্রথম বল ওয়াইড করে বসেন ইংলিশ পেসার। এরপর প্রথম চারটি বলের পর পঞ্চম এবং ষষ্ঠ নম্বর বলে দুটি উইকেট তোলেন ইংলিশ বোলার।

হ্যাটট্রিক হতে পারে জেনে অধিনায়ক জ্যাক পোপ আবার তাঁকে মাঠে নামান। আর মাঠে নামতেই প্রথম ওভারের প্রথম বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ডেভিস। এরপর যা ঘটল তা চমকে দিয়েছে সবাইকে। ওভারের প্রথম বলে উইকেট নেওয়ার পর পরপর তিন বলে আরও তিনটি উইকেট তুলে ডবল হ্যাটট্রিক করে ফেলেন ইংলিশ প্লেয়ার। যে ঘটনায় হতবাক অনেকেই।

অবশ্যই পড়ুন: গরমে কাহিল পড়ুয়ারা! এবার স্কুল টাইম এগোনোর আর্জি জানালেন শিক্ষকেরা

নিজের এমন কীর্তি নিয়ে ম্যাচের পর মুখ খুলেছিলেন ইংল্যান্ডের দাপুটে পেসার। ডেভিস বলেছিলেন, “আমার কাছে ব্যাপারটা খুব অবাস্তব লাগছে। এখন কী বলব বুঝতে পারছি না। চতুর্থ উইকেটটা যখন পড়ল আমি অবাক হয়ে গিয়েছিলাম। এরপর যে উইকেট আসবে আমি আশা করতে পারিনি। দেখলাম পরপর উইকেট পড়ে গেল।” সব মিলিয়ে বলাই যায়, নিজের প্রাপ্তি নিয়ে খানিকটা অবাক হলেও দলের সাফল্যে অবদান রাখতে পেরে যথেষ্ট খুশি ইংল্যান্ড পেসার।