বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে হতে পারে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার (FIFA World Cup)। তা নিয়েই এবার একটি ভারতীয় সম্প্রচারকারী চ্যানেলের সাথে ফিফা কর্তৃপক্ষের আলোচনা একপ্রকার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে, সব ঠিক থাকলে আগামী সোমবারের মধ্যেই ভারতে ফিফা বিশ্বকাপের সম্প্রচার নিয়ে সরকারি ঘোষণা করা হতে পারে। বর্তমানে সেই অপেক্ষাতেই দেশের অগণিত ফুটবল ভক্ত।
কারা পাচ্ছে ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব?
ফিফার শর্ত মেনে ভারতে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার নিয়ে গঙ্গা দিয়ে জল গড়িয়েছিল অনেক। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, পিকচার্স নেটওয়ার্কস এবং আম্বানির রিলায়েন্স ডিজনি ভারতে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার করতে আগ্রহ প্রকাশ করেছিল। তবে ফিফা কর্তৃপক্ষের তরফে সম্প্রচার স্বত্ব বিক্রির জন্য মোটা টাকা চাওয়ার কারণে এই দুই সংস্থাই পিছিয়ে যায়। পরে অবশ্য দুই সংস্থা যে অর্থের প্রস্তাব দিয়েছিল তাতে রাজি হয়নি ফিফা। একটা সময় গিয়ে ভারতে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার নিয়ে তৈরি হয়েছিল চরম অনিশ্চয়তা। অনেকেই ভেবেছিলেন এবারের মতো আর হয়তো হবে না সম্প্রচার।
তবে একেবারে শেষ পর্বে গিয়ে ভারতে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে ঝাঁপিয়ে পড়ে জি গোষ্ঠী। জানা গিয়েছে, নতুন করে চারটি চ্যানেল লঞ্চ করতে চলেছে তারা। এগুলিতেই দেখা যেতে পারে বহু অপেক্ষিত ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলি। রেভস্পোর্জের এক রিপোর্টে দাবি করা হয়েছে, ফিফাকে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব এর জন্য তিন থেকে সাড়ে তিন কোটি ডলার দিতে হবে জি গোষ্ঠীকে। ভারতীয় মুদ্রায় যা প্রায় 332 কোটি টাকা পর্যন্ত।
অবশ্যই পড়ুন: ফ্রি HPV টিকাকরণের সূচনা, আয়ুষ্মান মন্দির থেকে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
ওই রিপোর্টে বলা হচ্ছে, বর্তমানে টাকার অঙ্ক নিয়ে আলোচনা চলছে। দর কষাকষির পরই চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হবে দুপক্ষ। জি গোষ্ঠী আশাবাদী তারাই এবছর ফুটবল বিশ্বকাপ দেশবাসীকে দেখাতে পারবে। বেশ কয়েকটি ভারতীয় ভাষায় ধারাভাষ্যের ব্যবস্থা করবে তারাই। সেই মর্মে ইতিমধ্যেই মুম্বইয়ের লোয়ার প্যারেলের স্টুডিওতে শুরু হয়েছে প্রয়োজনীয় কাজকর্ম। সব মিলিয়ে বলাই যায়, ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব পাওয়া জি গোষ্ঠীর জন্য সময়ের অপেক্ষা। বলে রাখি, 48টি দেশ মিলিয়ে এবারের বিশ্বকাপে ম্যাচ হবে 104টি। আর প্রত্যেকটি ম্যাচই সম্প্রচার করবে জি।










