বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) শেষ হতে পারে অভিষেক নায়ার জামানা। গত মরসুমে চন্দ্রকান্ত পন্ডিত সরে যাওয়ার পরই ভারতীয় দলে গৌতম গম্ভীরের প্রাক্তন সহকারীকে নাইট শিবিরের প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছিল শাহরুখ খানের ম্যানেজমেন্ট। আশা ছিল, হয়তো অভিষেকের হাত ধরে নতুন উচ্চতায় পৌঁছবে KKR। তবে শেষ পর্যন্ত সেই আশায় জল ঢেলেছেন ভারতীয় তারকা! এবারেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পিছিয়ে থেকেই যাত্রা শেষ করতে হয়েছে কলকাতাকে। আর সেই ধাক্কা সহ্য করতে না পেরেই এবার নতুন প্রধান কোচ খুঁজছে (KKR New Coach) নাইট ম্যানেজমেন্ট, এমনটাই সূত্রের খবর।
অভিষেক নায়ারকে আর রাখতে চায়না KKR?
কয়েকটি রিপোর্ট এবং কিছু বিশ্বস্ত সূত্র মারফত খবর, গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরসুমে ভরাডুবির পর আর নায়ারকে প্রধান কোচের দায়িত্ব রাখতে চাইছে না কলকাতা নাইট রাইডার্স। এর বদলে নতুন কোনও বিদেশি কোচের খোঁজ করছে কলকাতা। রিপোর্ট যা বলছে তাতে, ইতিমধ্যেই ইংলিশ তারকা ইয়ন মর্গ্যানকে প্রধান কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে নাইট ম্যানেজমেন্ট। তবে এই মুহূর্তে কলকাতার দায়িত্ব নিতে চাইছেন না এই বিদেশি। ফলে আরও কয়েকজন বিদেশি কোচের উপর নজর রয়েছে সোনালী বেগুনি ম্যানেজমেন্টের।
ওই রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে আরও দুজন বিদেশি কোচের সাথে কথা বলছে KKR ম্যানেজমেন্ট। সব ঠিক থাকলে, তাঁদের মধ্যে থেকেই একজনকে যোগ্য হিসেবে বেছে নেবে শহরের এই দলটি। সে ক্ষেত্রে IPL 2027 এ নতুন কোচ পেতে বাধা থাকবে না রিঙ্কু সিংদের। তবে ওই রিপোর্টে এও বলা হচ্ছে, শেষ পর্যন্ত যদি যোগ্য কোচ খুঁজতে ব্যর্থ হয় কলকাতা, তবে অভিষেক নায়ারকেই শেষবারের মতো কোচের দায়িত্ব দিয়ে দেখা হতে পারে। তবে আপাতত যা খবর তাতে প্রাথমিকভাবে অভিষেককে রিটেইন করার কোনও রকম ইচ্ছা নেই KKR এর।
আরও পড়ুন: অবৈধ জুয়ায় জড়িত থাকার অভিযোগ, রিজওয়ানকে ‘ঘরবন্দি’ করে দিল PCB
উল্লেখ্য, এর আগে চন্দ্রকান্ত পন্ডিতের হাত ধরে 2024 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তার আগে 2012 ও 2014 সালে ট্রাভর বেলিসের কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা। সেই সোনালী যুগ ফিরিয়ে আনতে চেয়েই 2026 IPL এ বড় আশা করে অভিষেক নায়ারকে হেড স্যারের পদে নিয়োগ করে শাহরুখের দল।










