বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার লখনউ সুপার জায়ান্টস বাহিনীকে হারিয়ে মরসুমের দ্বিতীয় জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR Player Punishment)। তবে দল সফল হলেও শাস্তি পেলেন KKR এর ঘরের ছেলে হিসেবে পরিচিত তারকা ব্যাটসম্যান অঙ্গকৃষ রঘুবংশী। এদিন অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড এর অপরাধে তাঁকে রানআউট দিয়ে দেওয়া হলে আম্পায়ারের সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি এই খেলোয়াড়। শেষ পর্যন্ত মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে মেজাজ হারান তিনি। ব্যাট দিয়ে বাউন্ডারি লাইনের কাছে সজোরে বাড়ি মারার পর এবার শাস্তি পেলেন নাইট তারকা।
KKR-র জয়ের পরেও শাস্তি পেলেন ভারতীয় ক্রিকেটার
গতকাল লখনউয়ের বিরুদ্ধে কলকাতার ইনিংস চলাকালীন পঞ্চম ওভারে প্রিন্স যাদবের বল মিড অনের দিকে ঠেলে দিয়ে রান নিতে দৌড়ান অঙ্গকৃষ। কিছুটা আসতেই ক্যামেরন গ্রিন তাঁকে ফিরে যেতে বলেন। এমন সময় আবার পেছনের দিকে ছুটে ক্রিজে ঢোকার চেষ্টা করেন নাইট তারকা। ডাইভ দেওয়ার সময় মহম্মদ শামির করা থ্রো পায়ে লেগে যায় খেলোয়াড়ের। আর তার পরই আম্পায়ারের কাছে শামি আউটের আবেদন জানান। রান আউটের থেকে বাঁচতে ইচ্ছে করেই পা দিয়ে বলটা আটকে দিয়েছেন অঙ্গকৃষ।
অন ফিল্ড আম্পায়ার নিজের সিদ্ধান্ত না নিয়ে সেটি হস্তান্তর করেন তৃতীয় আম্পায়ারের কাছে। থার্ড আম্পায়ার জানান অঙ্গকৃষ রান নিয়ে আবার ফিরে এসেছেন এবং বৃত্তাকারে একই জায়গায় ঘুরেছিলেন। ছুটে আসার সময় তাঁর চোখ ছিল বলের উপর। তাই তিনি ইচ্ছে করেই বলটি আটকেছেন, এমন অভিযোগ একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আর সে কারণেই শেষ পর্যন্ত তাঁকে রান আউট দিয়ে দেন আম্পায়ার। এদিকে এমন সিদ্ধান্ত মেনে নিতে না পেরে মাঠের মধ্যেই আম্পায়ারদের সাথে তর্কে জড়ান অঙ্গকৃষ। মাঠ ছাড়ার সময় বাউন্ডারি লাইনের কাছে ব্যাট দিয়ে মাটিতে জোরে বাড়ি মারেন খেলোয়াড়। একই সাথে নিজের হেলমেটও মাটিতে ছুড়ে ফেলে দেন তিনি। যে ঘটনায় এবার শাস্তি পেলেন নাইট তারকা।
অবশ্যই পড়ুন: সুপার ওভারে বড় জয়, পয়েন্ট তালিকায় এখন কোথায় KKR?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 2.2 ধারা লঙ্ঘন করেছেন কলকাতা নাইট রাইডার্স দলের অঙ্গকৃষ। তাই তাঁকে শাস্তি বাবদ ম্যাচ ফির 20 শতাংশ জরিমানা করা হবে। একই সাথে, একটি ডি মেরিট পয়েন্টও দেওয়া হয়েছে রঘুবংশীকে। বিবৃতিতে একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, কলকাতার ব্যাটসম্যান ম্যাচ চলাকালীন ক্রিকেটীয় সরঞ্জামের অবহেলা এবং অপমান করেছেন। সেই অপরাধ নিজেও স্বীকার করে নিয়েছেন রঘুবংশী। তাই তাঁকে শাস্তি পেতে হচ্ছে।










