অন্যায়ভাবে মুম্বইকে হারানোর অভিযোগ KKR-র বিরুদ্ধে

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবার, মুম্বইকে অন্যায়ভাবে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)? ম্যাচের পর থেকে এই প্রশ্নটাই উঠছে নানা মহলে। কারণ, নাইট তারকা অঙ্গকৃষ রঘুবংশীর বদলি ক্রিকেটার নির্বাচন। আসলে এদিন রঘুবংশী চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলে তাঁর কনকাশন সাব হিসেবে নামানো হয় রমণদীপ সিংকে। আর সেই ঘটনাই বিতর্ক বাড়িয়েছে। কেউ কেউ বলছেন, ক্রিকেটের নিয়ম লংঘন করেছে কলকাতা।

মুম্বাইয়ের সাথে অন্যায় করেছে শাহরুখ খানের দল?

গতকাল ম্যাচ চলাকালীন শুরুর দিকে 13 ওভারে বরুণ চক্রবর্তীর বলে একটি ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছিলেন কলকাতার উইকেট কিপার ব্যাটসম্যান অঙ্গকৃষ। কিন্তু তা সত্ত্বেও 14 ওভার পর্যন্ত উইকেট কিপিং করে গিয়েছিলেন তিনি। এরপর অবশ্য নাইট তারকা মাঠ ছেড়ে বেরিয়ে গেলে তাঁর জায়গায় কলকাতার হয়ে উইকেট কিপিং করেন তেজস্বী সিং দাহিয়া। এ পর্যন্ত সব ঠিক থাকলেও ইনিংস বিরতির পর কলকাতা নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়ে দেয় অঙ্গকৃষের কনকাশন সাব হিসেবে নামানো হচ্ছে রমণদীপকে। আর সেটাই বাড়িয়েছে বিতর্ক।

ক্রিকেটের নিয়ম অনুযায়ী, মাঠে ঘটে যাওয়া কোনও ঘটনার সাথে মাথায় আঘাত লাগা বা কনকাশন সাবের কোনও সম্পর্ক নেই। হিসেবে কনকাশন সাব তখনই ব্যবহার করা যায়, যখন প্লেয়ারের মাথায় বা ঘাড়ে আঘাত লেগে থাকে। এছাড়াও কনকাশানের উপসর্গ থাকলে এই বিকল্প ব্যবহার করা যেতে পারে। একই সাথে এক্ষেত্রে ম্যাচ রেফারির অনুমোদন এবং লাইক টু লাইক প্লেয়ার পরিবর্তন অর্থাৎ একজন উইকেট কিপার ব্যাটসম্যানের পরিবর্তে আরেকজন উইকেট কিপার ব্যাটসম্যানকেই নামানো যায়।

অবশ্যই পড়ুন: মে মাসের বেতনের সঙ্গে মিলবে বকেয়া DA, সরকারি কর্মীদের জন্য সুখবর

এদিকে অঙ্গকৃষের চোট মাথায় নয় বরং লেগেছিল আঙুলে। তা সত্ত্বেও খেলোয়াড়ের কনকাশন সাব নেওয়ার পরেও অলরাউন্ডার রমণদীপের বদলে ব্যাট করতে নামানো হয় তেজস্বীকে। এখানেই শেষ নয়, একটা সময় এসে কলকাতা কনকাশন সাব নিয়ে করা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিলিট করে দিলে বিতর্ক আরও বাড়ে। এ নিয়ে ক্রিকেট ভক্তদের অনেকেই মন্তব্য করেছেন, “চোট মাথায় লাগেনি তাও কেন কনকাশন সাব ব্যবহার করা হল?” কেউ কেউ লিখছেন, এদিন ক্রিকেটের নিয়ম ভেঙে মুম্বইয়ের সাথে অন্যায় করেছে KKR! সবমিলিয়ে কলকাতার আজব সিদ্ধান্তে বিতর্ক রয়েই গেল।