মেসিকে থামায় কে? এবার কিংবদন্তী মারাদোনার বিশ্বরেকর্ড ভেঙে চুরমার করলেন লিও

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবারের ম্যাচে মিশর যখন দাপট দেখাচ্ছে ঠিক সেই পর্বে ক্রিস্তিয়ান রোমেরোকে অ্যাসিস্ট করে প্রথম গোল করালেন লিওনেল মেসি (Lionel Messi)। আর সেই অ্যাসিস্ট এর সুবাদেই এবার লিও ভেঙে ফেললেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো মারাদোনার এক বিশ্বরেকর্ড। আসলে গতকাল মিশরের বিরুদ্ধে নবম বারের মতো অ্যাসিস্ট করে গোল করিয়েছিলেন লিও। সেই সূত্রেই ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক অ্যাসিস্ট বা গোল করতে সহযোগিতা করা ফুটবলার হিসেবে নতুন ইতিহাস রচনা করলেন আর্জেন্টাইন অধিনায়ক।

কীভাবে মারাদোনার রেকর্ড ভাঙলেন মেসি?

এতদিন ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক অ্যাসিস্ট করার সংখ্যা ছিল 8। সেই রেকর্ড গড়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি মারাদোনা। তবে গতকাল মিশরের বিরুদ্ধে দলের হয়ে রোমেরোকে প্রথম গোল করিয়েই মারাদোনার রেকর্ড গুঁড়িয়ে দিলেন লিওনেল মেসি। লিখলেন নতুন ইতিহাস। আর এই ইতিহাসে মেসিই সেরা। আসলে এবছর ফিফা ফুটবল বিশ্বকাপের প্রত্যেকটি ম্যাচে গোল করার সাথে সাথে সতীর্থদেরও গোল করতে পূর্ণ সহযোগিতা করেছেন মেসি। তা থেকেই বোঝা যায় ফুটবলে খেলোয়াড়ের দখল কতখানি।

বলাই বাহুল্য, এবারের বিশ্বকাপে মিশরের ম্যাচেই গোল করতে প্রথম অ্যাসিস্ট করেছিলেন লিওনেল মেসি। এর আগে 2022 সালের কাতার বিশ্বকাপে তিনটি অ্যাসিস্ট করার নজির গড়েছিলেন তিনি। এছাড়াও 2006 থেকে শুরু করে 2010, 2014 এমনকি 2018 সালেও মেসির সহযোগিতায় গোল করেছিলেন সতীর্থরা।

অবশ্যই পড়ুন: ৩০০০তম গোল, ফুটবল বিশ্বকাপে এক অনন্য ইতিহাস লিখলেন এনজো ফার্নান্দেজ

উল্লেখ্য, মিশরের ম্যাচের গোল দিয়ে এই মুহূর্তে বিশ্বকাপে লিওনেল মেসির গোলের সংখ্যা 21। সেই সূত্রেই পুরুষদের ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তিনিই। যদিও মেসির রেকর্ড ভাঙতে একেবারে ধেয়ে আসছেন ফ্রান্সের এমবাপে। এই মুহূর্তে বিশ্বকাপে 19টি গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন তিনি।