বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লাগাতার ব্যর্থতা দেখতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে (KKR Vs LSG)। শুরুর দিকে বারবার মুখ থুবড়ে পড়ে শেষ পর্যন্ত গত ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে জয়ের মুখ খুলতে পেরেছিল KKR।আজ অর্থাৎ রবিবার কলকাতার প্রতিপক্ষ LSG। এই ম্যাচে যে করেই হোক জিততে হবে অজিঙ্কা রাহানেদের। তাই ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই বিশেষ নজর দিচ্ছে নাইট ম্যানেজমেন্ট। এমতাবস্থায়, কলকাতার চিন্তা কিছুটা কমিয়ে দিলেন বহু আলোচিত লঙ্কান পেসার মাথিশা পাথিরানা। জানা যাচ্ছে, গতকালই একানা স্টেডিয়ামে কলকাতার হয়ে অনুশীলন করেছেন তিনি।
ম্যাচের আগে দুর্দান্ত ছন্দে পাথিরানা
ক্রিকবাজের এক রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ শনিবার কলকাতার হয়ে অনুশীলনে পুরোপুরি নিজের কামাল দেখিয়েছেন শ্রীলঙ্কার দাপুটে পেসার। বল হাতে নেটে একের পর এক উইকেট তুলেছেন তিনি। যা নাইট শিবিরে বাড়তি অক্সিজেন যুগিয়েছে সে কথা বলার অপেক্ষা রাখে না। এদিন 18 কোটির পেসার বল হাতে এত ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন যা দেখে বোঝাই যাচ্ছে লখনউ ম্যাচে সুযোগ পেলে কীভাবে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ঘাম ছোটাবেন তিনি। বলা যায়, বল হাতে একেবারে অ্যাকশন মোডে পাথিরানা!
বলাই বাহুল্য, এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত বল হাতে মাঠে নামতে পারেননি, পাথিরানা। কারণ এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। এরপর একটা দীর্ঘ সময় রিহ্যাব পর্ব কাটিয়ে শেষ পর্যন্ত লঙ্কান ক্রিকেট বোর্ডের তরফে চূড়ান্ত ছাড়পত্র নিয়ে কলকাতায় খেলতে এসেছেন পাথিরানা। ক্রিকেট মহলের অনেকেই মনে করছেন, আজ কলকাতার জার্সিতে মাঠে নামলে লখনউয়ের হারের কারণ হয়ে উঠবেন তিনি!
অবশ্যই পড়ুন: দ্বিতীয় দফার নির্বাচনের আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে প্রার্থী সহ শতাধিক নেতাকর্মী
উল্লেখ্য, এই মুহূর্তে পয়েন্ট তালিকার একেবারে শেষে অর্থাৎ 10 নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের দলকে প্লে অফে উঠতে হলে আগামী 7 ম্যাচের সাতটিতেই জিততে হবে। যদিও 16 পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে অফে গত বছর জায়গা করে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেক্ষেত্রে 6 ম্যাচ জিতলেও আশা বেঁচে থাকবে কলকাতার। তবে KKR যদি মাত্র পাঁচটি ম্যাচ যেতে সে ক্ষেত্রে প্লে অফের লড়াই থেকে পুরোপুরি ছিটকে যাবে এই দল।










