মেসি ইভেন্টের টাকা ফেরানো হবে, যুবভারতীতে দাঁড়িয়ে বললেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক

Published:

Messi Event In Kolkata Nisith Pramanik big statement

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে পালাবদল হতেই খোলা হচ্ছে মেসি কাণ্ডের ফাইল (Messi Event In Kolkata)। এ নিয়ে অবশ্য রাজ্যের নতুন ক্রীড়া মন্ত্রী নিশীথ প্রামাণিক আগেই জানিয়ে দিয়েছিলেন, মেসি কান্ডের পূর্ণাঙ্গ তদন্ত হবে। সেই মর্মেই যুবভারতী কান্ডের ফাইল চেয়ে পাঠিয়েছেন তিনি। এবার সেই মতোই, বিজেপির মন্ত্রিসভার মন্ত্রী নিশীথ একেবারে খোলাখুলি জানিয়ে দিলেন, মেসি ইভেন্টের টিকিটের দাম ফেরত দিয়ে দেওয়া হবে। ক্রীড়া মন্ত্রীর এমন আশ্বাসের পর বুকে বল পেয়েছেন অনেকেই।

যুবভারতীতে দাঁড়িয়ে বড় আশ্বাস নিশীথ প্রামাণিকের

রবিবার, শহরে ছিল কলকাতা ডার্বি। ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের হাই ভোল্টেজ ম্যাচের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী। সেই মতোই মাঠে উপস্থিত হয়েছিলেন তিনি। তবে ম্যাচ শেষ হওয়ার পর মেসি কান্ড নিয়ে মুখ খোলেন নিশীথ। বিজেপির মন্ত্রী যুবভারতীতে দাঁড়িয়ে বলেন, “মেসি কাণ্ডের ফাইল খোলা হবে। আপনারা প্রত্যেকেই জানেন আমি মন্ত্রণালয় বসেছি 7-8 দিন হয়েছে মাত্র, এখনও দশদিনও হয়নি। একটু বসি। সময় দিন। আমার প্রথম লক্ষ্যই ছিল যে মানুষগুলো প্রতারিত হয়েছে, ক্রীড়াঙ্গনে এসে চরম অপমানিত হয়েছে, লাঞ্চিত হয়েছে, যাঁদের চোখের জল পড়েছে, মেসিকে দেখতে না পেয়ে মনে দুঃখ নিয়ে বাড়ি ফিরে গিয়েছে, এইসব মানুষের ন্যূনতম সম্মান আমি ফিরিয়ে দেব।”

অবশ্যই পড়ুন: এবারের ISL ইস্টবেঙ্গলের! স্বপ্নপূরণ নিয়ে আশাবাদী অস্কার থেকে মহম্মদ রশিদ

ক্রীড়ামন্ত্রী একেবারে আশ্বস্ত করলেন, চূড়ান্ত অপমানিত হয়ে ফিরে যাওয়া প্রত্যেকের কষ্টার্জিত অর্থ ফিরিয়ে দেওয়া হবে। এ নিয়ে এজেন্সিকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। এর জন্য পশ্চিমবঙ্গ ক্রীড়া মন্ত্রক সব রকম ভাবে সহযোগিতা করবে। এদিন যুবভারতীর ডার্বির পর ক্রীড়ামন্ত্রী এও জানালেন, স্টেডিয়ামের ভিভিআইপি গেটের একেবারে কাছে থাকা বিশাল মূর্তি যত দ্রুত সম্ভব সরিয়ে দেওয়া হবে।। ওই মূর্তি থাকাটা শোভনীয় নয় বলেই মনে করছেন ক্রীড়া মন্ত্রী নিশীথ।