বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বহুবছর। খেলছেন শুধু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। তাও এবছর এখনও মাঠে নামেননি মাহি (MS Dhoni)। এরই মাঝে ভারতের প্রাক্তন অধিনায়ককে নিয়ে উঠে এল বড় খবর। জানা যাচ্ছে, মহেন্দ্র সিং ধোনি বিহার এবং ঝাড়খন্ড রাজ্যের সর্বোচ্চ কর প্রদানকারী ব্যক্তি হয়ে উঠেছেন। তাহলেই বুঝুন ধোনি সরকারকে কত বেশি ট্যাক্স দেন!
50 কোটি টাকারও বেশি ট্যাক্স দিয়েছেন মাহি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও মহেন্দ্র সিং ধোনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে একাধিক সংস্থার সাথে যুক্ত রয়েছেন। এছাড়াও বিজ্ঞাপনী প্রচার, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে রোজগার সহ বিভিন্ন ব্যবসার মধ্যে দিয়ে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করেন মাহি। রিপোর্ট বলছে, সাম্প্রতিক বছরগুলিতে মহেন্দ্র সিং ধোনির আয় ক্রমশ বাড়ছে।
সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, গত আর্থিক বছরে মহেন্দ্র সিং ধোনি অগ্রিম ট্যাক্স হিসেবে 50 কোটি টাকারও বেশি অর্থ পরিশোধ করেছেন। যদিও আয়কর বিভাগ কোনও ব্যক্তির সঠিক করের পরিমাণ প্রকাশ করে না। তবে রিপোর্টে দাবি করা হচ্ছে, গত আর্থিক বছরে 50 কোটি টাকারও বেশি অগ্রিম কর পরিশোধ করে বিহার এবং ঝাড়খণ্ডের সর্বোচ্চ করদাতা হয়ে উঠেছেন মাহি। সে খবর নিশ্চিত করেছেন বিহার-ঝাড়খন্ড অঞ্চলের প্রধান আয়কর কমিশনার ডঃ ডি সুধাকর রাও। তিনি ঘোষণা করেছেন, ধোনিই বিহার এবং ঝাড়খণ্ডের সর্বোচ্চ করদাতা।
অবশ্যই পড়ুন: প্রয়াত ইস্টবেঙ্গল, মোহনবাগানে খেলা দাপুটে ফুটবলার
প্রসঙ্গত, ধোনির কাছ থেকে বিপুল পরিমাণ কর আদায়ের পাশাপাশি বিহার এবং ঝাড়খন্ড রাজ্যের অন্যান্য প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ কর আদায় করেছে আয়কর বিভাগ। গত আর্থিক বছরে এই দুই রাজ্য থেকে 20 হাজার কোটি টাকার কর আদায় করেছে আয়কর দপ্তর। এর মধ্যে শুধু ঝাড়খন্ড থেকেই আয় হয়েছে 12 হাজার কোটি টাকা। বলে রাখি, এই বিপুল অর্থের প্রায় 70 শতাংশ TDS এর মাধ্যমে আদায় করা হয়েছে।










