“অরূপ বিশ্বাস মেসিকে পাড়ার পল্টু ভাবল” যুবভারতী কাণ্ডে নতুন সরকারের কাছে তদন্তের আর্জি শতদ্রুর

Published:

Satadru Dutta On Lionel Messi Salt Lake stadium case

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ডিসেম্বরে শহরে পা পড়েছিল ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির (Lionel Messi)। খেলোয়াড়ের আগমনে শহরে উষ্ণতা ছড়িয়ে গেলেও তাঁর প্রস্থানে ধরা পড়েছিল একেবারে ভিন্ন চিত্র। সল্টলেক স্টেডিয়ামে মেসিকে দেখতে যাঁরা ভিড় জমিয়েছিলেন, তাঁরা যে শুধুই আর্জেন্টাইন ফুটবলারকে ঘিরে থাকা একটা ভিড় দেখেই বাড়ি ফেরেন, সে কথা বলার অপেক্ষা রাখে না! আর সেটাই যেন কোথাও গিয়ে দর্শকদের মধ্যে ক্ষোভের উদ্রেক করে। যার ফলাফল সল্টলেক স্টেডিয়ামের বিশৃঙ্খলা! সেই ঘটনায় ফের মুখ খুললেন বাংলার ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত (Satadru Dutta)। মেসি কান্ডের নেপথ্যে রাজনৈতিক চাপকে দায়ী করলেন তিনি!

মেসি কাণ্ড নিয়ে এবার বিস্ফোরক শতদ্রু দত্ত

মেসি কাণ্ডে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল আর্জেন্টাইন ফুটবলারকে ভারতে নিয়ে আসার নেপথ্যে মূল কারিগর শতদ্রু দত্তকে। বঙ্গের ক্রীড়া সংগঠককে একটা দীর্ঘ সময় জেল জীবন কাটাতে হয়েছে। বাংলায় সরকার বদল হতেই এবার একে একে মুখ খুলছেন তিনি। কিছুদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে বেশ কিছু স্টোরিতে মেসি কাণ্ড নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন শতদ্রু। এবার এক সাক্ষাৎকারে অতীত স্মরণ করলেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করা একটি সাক্ষাৎকারের দৃশ্যে বিস্ফোরক সব অভিযোগ করতে দেখা গিয়েছে শতদ্রু দত্তকে। মেসিকে ভারতে নিয়ে আসা বাঙালি ক্রীড়া সংগঠক জানান, মেসি যখন কলকাতায় এসেছিলেন তখন একটা হুমকির বাতাবরণ ছিল চারিদিকে। শতদ্রুর কথায়, “কলকাতায় আমার সবচেয়ে বড় প্রবলেম ছিল, সবসময় না একটা হুমকির আবহাওয়া বিরাজ করতো। এটা না হলে এটা করতে দেব না, ওটা না হলে এটা করতে দেব না…”

এদিন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের প্রসঙ্গ টেনে বঙ্গ ক্রীড়া সংগঠককে বলতে শোনা যায়, “অরূপ বিশ্বাস যদি কারও গলায়-পেটে হাত দিয়ে আটকে দেয়, উনি ছবি তোলে কে কী করবে? কোনও আইনজির লোকেরা এসে অরূপ বিশ্বাসকে সরাতে পারবে? এটা কার কাজ পুলিশের। এটাতো ইভেন্ট ম্যানেজারের কাজ না। ফিল্ম ফেস্টিভালে যখন ইভেন্ট হয় একটা মাছিকেও ঢুকতে দেয় না, এখানে কীভাবে ঢুকতে দিল? অরূপ বিশ্বাস মেসিকে পাড়ার পল্টু ভাবলো… আমি আপনাকে বলছি!”

অবশ্যই পড়ুন: উত্তরবঙ্গবাসীকে উপহার, ৯ রুটের প্রকল্পে ৭৫০ কোটি টাকা বরাদ্দ করল রেল

শতদ্রুর সংযোজন, “এখানে সিকিউরিটিদের থেকে বড় কথা হচ্ছে পলিটিকাল প্রেসার। পুলিশকে যদি পলিটিক্যাল প্রেসারের কাছে সারেন্ডার করে দিতে হয় তাহলে এই হবে।” এদিন সাক্ষাৎকারের একেবারে শেষের দিকে বাঙালি ক্রীড়া সংগঠক খোলাখুলি জানিয়েছেন, যা হবে আদালতে দেখা যাবে! বাংলায় গঠিত নতুন সরকারের কাছে শতদ্রু আবেদন, “আপনারা নতুন করে মেসি কান্ডের তদন্ত শুরু করুন। তাতে আমিও থাকব, আমার কোনও অসুবিধা নেই। “