কে এল রাহুলদের হেড কোচ হলেন সৌরভ গাঙ্গুলি, IPL 2027-এ নতুন ভূমিকায় দাদা

Published:

DC Head Coach

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রধান কোচ হিসেবে প্রিটোরিয়া ক্যাপিটালসকে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের ফাইনালে তুলেছিলেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। সেই সাফল্যের পর এবার দেশের মাটিতেই বড় দায়িত্ব পেলেন দাদা। সৌরভকে প্রধান কোচ হিসেবে নিয়োগ করল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। ইতিমধ্যেই সেই খবর আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জনপ্রিয় দলটি। সেই সূত্রেই, মেন্টরের পর এবার বিশেষ ভূমিকায় দিল্লিতে দাদার প্রত্যাবর্তন হওয়ায় উচ্ছ্বসিত ভক্তরা।

দিল্লির দায়িত্বে মহারাজ

এর আগে মেন্টর হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লির দায়িত্ব সামলেছেন সৌরভ গাঙ্গুলি। এবার হেড কোচের ভূমিকায় দেখা যাবে ভারতের প্রাক্তন অধিনায়ককে। যদিও, দাদা যে দিল্লির প্রধান কোচ হবেন সেই জল্পনাটা ছিল অনেক আগে থেকেই। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে প্রিটোরিয়ার দায়িত্ব নেওয়ার সময়ই বোঝা গিয়েছিল 2027 সিজনে দিল্লি ক্যাপিটালসের ভাগ্য ফেরানোর দায়িত্ব থাকবে সৌরভের হাতেই। শেষ পর্যন্ত সেটাই হল।

মঙ্গলবার, দিল্লির তরফে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হল, তারা পাকাপাকিভাবে সৌরভ গাঙ্গুলিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য প্রধান কোচ হিসেবে নিয়োগ করল। এক কথায়, ক্রিকেটে অধিনায়ক, প্রশাসক, মেন্টরের পর এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রধান কোচের দায়িত্ব কাঁধে নিলেন সৌরভ। কাজেই, আসন্ন সিজনে সৌরভের দেখানো পথেই খেলতে হবে কে এল রাহুলদের।

 

আরও পড়ুন: ‘১০ অক্টোবরের আগেই পদত্যাগ করবেন জ্ঞানেশ কুমার’ জানালেন সৌরভ

প্রসঙ্গত, 2024 সাল থেকে জেএসডব্লিউ-র ক্রিকেট ডিরেক্টর রয়েছেন সৌরভ গাঙ্গুলি। বর্তমানে দিল্লির মালিকানা রয়েছে জিএমআর স্পোর্টস ও জেএসডব্লিউ স্পোর্টসের হাতে। সাধারণত প্রত্যেক দুই বছর অন্তর দল পরিচালনার দায়িত্ব ভাগ করে নেয় তারা। 2027 IPL এ দিল্লির দায়িত্ব থাকবে জেএসডব্লিউ এর হাতে। ঠিক সে কারণেই এবার DC এর প্রধান কোচ করা হল মহারাজকে।

google button