৪৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি, ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে রেকর্ড সোনালের

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বুকে ভয় ধরিয়েছে ভারত (Team India)। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেই 503 রান তুলে লঙ্কান বাহিনীকে চাপের মুখে ফেলেছিল ভারতীয় দল। যার কারণেই শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে (India Vs Sri Lanka) ফলো অন করতে বাধ্য হয় শ্রীলঙ্কা। যদিও ধীরে ধীরে রানের ব্যবধান কমিয়ে এনেছে লঙ্কান বাহিনী। আর এই টেস্টেই দ্বিতীয়বারের মতো সেঞ্চুরি করে নতুন নজির গড়েছেন শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ ক্রিকেটার সোনাল দিনুশা (Sonal Dinusha)। ব্যাট হাতে ভারতীয় বোলারদের বিরুদ্ধে পুরোপুরি রুখে দাঁড়িয়েছিলেন এই খেলোয়াড়। কার্যত পাত্তাই দিলেন না তাদের!

দুটি সেঞ্চুরি করে ইতিহাস রচনা করলেন লঙ্কান ব্যাটার

ভারতীয় দলের সামনে যখন শ্রীলঙ্কার অবস্থা একপ্রকার দুর্বিষহ, ঠিক সেই সময় দলের হাল ধরেছিলেন দিনুশা। প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পাশাপাশি দ্বিতীয় ইনিংসেও 84 রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। এখানেই শেষ নয়, ভারতীয় দলের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরু হতেই প্রথম ইনিংসে 103 রানের দাপুটে ইনিংস খেলে সকলকে চমকে দিয়েছেন এই তারকা ক্রিকেটার। সিরিজের তিন ইনিংস মিলিয়ে 287 রান করেছেন এই লঙ্কান ব্যাটসম্যান।

বলাই বাহুল্য, যেখানে ভারতীয় বোলারদের সামনে রান করতে একেবারে কাল ঘাম ছুটে যাচ্ছিল শ্রীলঙ্কার প্লেয়ারদের, সেই পর্বে পরপর দুই টেস্টে সেঞ্চুরি করে বিরাট নজির গড়লেন সোনাল। না বললেই নয়, ভারতের বিপক্ষে টেস্টে পরপর সেঞ্চুরি করে শ্রীলঙ্কার দ্বিতীয় ব্যাটসম্যান হয়ে উঠেছেন তিনি। এর আগে ভারতের বিপক্ষে টেস্টে এই কীর্তি করেছিলেন শ্রীলঙ্কার দুলিপ মেন্ডিস। সেটাও আবার 1982 সালে। অর্থাৎ 44 বছর পর একই ঘটনার পুনরাবৃত্তি করলেন সোনাল।

আরও পড়ুন: কলম্বো টেস্ট ড্র হলে বদলাবে WTC ফাইনালের সমীকরণ, কটা ম্যাচ জিততে হবে ভারতকে?

ভারতীয় দলের বিরুদ্ধে পরপর দুটি টেস্টে সেঞ্চুরি করেছেন শ্রীলঙ্কার বেশ কয়েকজন প্লেয়ার। সেই তালিকায় নাম রয়েছে অরবিন্দ ডি সিলভা, কুমার সাঙ্গাকারা, সনাথ জয়সূর্য, মাহেলা জয়াবর্ধনে এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো খেলোয়াড়ের। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন সোনাল। এখানেই শেষ নয়, ভারতের বিপক্ষে পরপর দুটি টেস্টে সেঞ্চুরি করে দেশের মুখ উজ্জ্বল করার সাথে সাথে ভারতের বিরুদ্ধে পরপর টেস্টের তিনটি ইনিংসে 80 এর বেশি রান করা প্লেয়ার জহির আব্বাস এবং এভারটন উইকসের তালিকাতেও ঢুকে পড়লেন দিনুশা।