বয়স মাত্র ১০, সেঞ্চুরি হাঁকালেন বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 14 বছর বয়সেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঝড় তুলেছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। বর্তমানে তিনি ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক। সম্প্রতি শেষ হওয়া IPL এ দুর্ধর্ষ ব্যাটিং করার কারণে বৈভবকে বড়দের টি-টোয়েন্টি দলে জায়গা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রথম একাদশে সুযোগ পেলে নিজের ক্ষমতা দেখাতে হবে তাঁকে। এমতাবস্থায়, এবার ব্যাট হাতে কামাল দেখাল বৈভবের ছোট ভাই আশীর্বাদ সূর্যবংশীও(Vaibhav Sooryavanshi Brother)। দাদার পথে হেঁটেই মাত্র 10 বছর বয়সে সেঞ্চুরি করল সে।

 সেঞ্চুরি করে তাক লাগাল খুদে আশীর্বাদ

সম্প্রতি বিহারের একটি স্থানীয় ক্রিকেট অনুশীলন ম্যাচে ক্রিকেট অ্যাকাডেমি তাজপুরের হয়ে মাঠে নেমেছিল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ সূর্যবংশী। আর সেই ম্যাচে ব্যাট হাতে দাদার থেকেও বেশি দাপট দেখাল সে। এদিন আশীর্বাদের ব্যাট থেকে 87 বলে 103 রানের দুর্ধর্ষ ইনিংস উপহার পেয়েছে তাঁর দল। এদিন 20টি চার এবং একটি ছয় মেরে নিজের ইনিংস সাজিয়ে নিয়েছিল আশীর্বাদ সূর্যবংশী।

নিজের বড় ছেলের পর ছোট ছেলে আশীর্বাদ সূর্যবংশীর এমন দুর্দান্ত পারফরমেন্স দেখে আপ্লুত বাবা সঞ্জীব সূর্যবংশীও। তিনি নিজের ফেসবুক পেজ থেকে আশীর্বাদের কিছু ছবি শেয়ার করে লিখেছেন, “আমার ছোট ছেলে আশীর্বাদ সূর্যবংশী আজ একটি অনুশীলন ম্যাচে প্রথম সেঞ্চুরি করেছে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন এবং ওকে ভালবাসা দেবেন।”

অবশ্যই পড়ুন: পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে ED-র নিশানায় মদন মিত্র, তল্লাশি একাধিক ঠিকানায়

উল্লেখ্য, এবারের ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে ব্যাট হাতে তান্ডব চালিয়ে ভারতীয় টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন বৈভব সূর্যবংশী। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজের জন্য স্কোয়াডে রাখা হয়েছে তাঁকে। যদিও আয়ারল্যান্ডের বেলফাস্ট এই মুহূর্তে বিক্ষোভে উত্তাল। এদিকে সেখানেই হওয়ার কথা দুইদলের টি-টোয়েন্টি সিরিজ। এমতাবস্থায়, ভারত বনাম আয়ারল্যান্ডের সিরিজ ভেস্তে গেলে অপেক্ষা করতে হবে বৈভবকে।