বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথমবার সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করলেন বাঙালি ক্রিকেটার রামকৃষ্ণ ঘোষ (Ramakrishna Ghosh)। মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে শনিবারের ম্যাচে জায়গা হয়েছিল তাঁর। আর মাঠে নামতেই বল হাতে তুলে নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদবের উইকেট। IPL এ প্রথমবার পা রেখে বাঙালি ক্রিকেটারের এমন সাফল্য নজর কেড়েছে সকলের। পরবর্তী ম্যাচ গুলিতে সুযোগ পেলে নিজেকে বারবার প্রমাণ করতে চান রামকৃষ্ণ।
রামকৃষ্ণ ঘোষ সত্যিই কি বাঙালি?
গতকাল চেন্নাইয়ের হয়ে সূর্যের উইকেট তোলার পরই শিরোনামে উঠেছিল রামকৃষ্ণ ঘোষ নামটা। বাঙালি ক্রিকেটারকে নিয়ে আলোচনাও চলে নানা মহলে। তিনি যে বাঙালি তা নিয়ে একাংশের সন্দেহ না থাকলেও বাকিদের প্রশ্ন, আদৌ কি রামকৃষ্ণ বাঙালি ক্রিকেটার? জানা গিয়েছে, রামকৃষ্ণের জন্ম মহারাষ্ট্রের নাসিকে। বাবা শেখর ঘোষ একজন বাঙালি ক্রিকেট কোচ। তবে তিনিও দীর্ঘ সময় ধরে মহারাষ্ট্রে রয়েছেন। সেই সূত্রেই ছেলে রামকৃষ্ণকেও মহারাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলতে হয়।
রামকৃষ্ণ ঘোষ যে একজন বাঙালি ক্রিকেটার তাতে কোনও সন্দেহ নেই। তবে বাংলায় নয় বরং পরিবার সূত্রে মহারাষ্ট্রে থাকার কারণে সেখানেই নিজেকে মানিয়ে নিয়েছেন তিনি। খোঁজ নিয়ে জানা গেল, বাবার হাত ধরেই ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল রামকৃষ্ণর। বলা যেতে পারে বাবা শেখর ঘোষই রামকৃষ্ণের প্রথম প্রশিক্ষক। তরুণ রামকৃষ্ণ আসলে একজন বোলিং অলরাউন্ডার। গতিতে নিয়ন্ত্রণ রেখে প্রতিপক্ষের ব্যাটসম্যানের ঘাম ছুটিয়ে দিতে পারেন তিনি।
বলাই বাহুল্য, 2024 সালের মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে একটি ম্যাচে 33 বলে 52 রানের ইনিংস খেলে সকলকে চমকে দিয়েছিলেন রামকৃষ্ণ। সেই ম্যাচেই জিতেছিল তাঁর দল। রাজ্য দলের হয়েও মাঠে নেমেছেন তিনি। তবে শুধু টি-টোয়েন্টিতেই। 2022 সালে কর্নাটকের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মহারাষ্ট্রের হয়ে প্রথমবারের মতো ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন তিনি। এরপর থেকে একে একে বিজয় হাজারে এবং রঞ্জি ট্রফিতেও পা পড়ে রামকৃষ্ণ ঘোষের। আজ পর্যন্ত 13টি প্রথম শ্রেণীর ম্যাচে 28 উইকেট তুলেছেন তিনি। সঙ্গে রয়েছে 11টি লিস্ট এ ম্যাচে 21টি ও 9 টি-টোয়েন্টিতে দুটি উইকেটও।
অবশ্যই পড়ুন: ৫ মাস বাতিল বহু ট্রেন, তালিকা দিল দক্ষিণ পূর্ব রেল
প্রসঙ্গত, গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে নিলামে রামকৃষ্ণকে কিনে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। তবে সেবার একটি ম্যাচও খেলতে পারেননি তিনি। ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সে বছর অভিষেক করা হয়নি। কিন্তু এবার মিটলো অপেক্ষা। অষ্টম ম্যাচে চেন্নাইয়ের হয়ে মাঠে নামতে পারলেন রামকৃষ্ণ। আর নেমেই একেবারে সূর্যর উইকেট তুলে নিলেন তিনি। অনেকেই মনে করছেন, নিজের বলের প্রতি রামকৃষ্ণের প্রখর নিয়ন্ত্রণ তাঁকে বহুদূর নিয়ে যাবে।










