IFA শিল্ডে নামবে না ‘হাবাসের ইস্টবেঙ্গল!’ মোহনবাগান চ্যাম্পিয়ন হতেই বড় খবর

Published:

Habas East Bengal

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ আট বছরের খরা কাটিয়ে কলকাতা ফুটবল লিগ জিতেছে মোহনবাগান (Mohun Bagan)। প্রতিবেশীর সেই সাফল্যের মাঝে IFA শিল্ডে ইস্টবেঙ্গলের (East Bengal FC) অংশগ্রহণ নিয়ে উঠছে প্রশ্ন। প্রশ্ন উঠছে, ইস্টবেঙ্গল কি আদৌ এই আসরে নামবে? নামলে কি প্রথম সারির প্লেয়ারদের দেখা যাবে? যা খবর, ইস্টবেঙ্গলের বর্তমান কোচ আন্তোনিও লোপেজ হাবাস IFA শিল্ডে সিনিয়র দলের প্লেয়ারদের খেলাতে রাজি নন। বর্তমানে এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে লাল হলুদের অন্দরে। সে কথা জানিয়েছেন শীর্ষকর্তা দেবব্রত সরকারও। এখন প্রশ্ন, আগামী 22 সেপ্টেম্বর মহামেডানের বিরুদ্ধে মিনি ডার্বিতে কাদের নিয়ে নামবে ইস্টবেঙ্গল?

IFA শিল্ডে দল নামাবেন না হাবাস

IFA শিল্ডের প্রস্তাবিত সূচি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে, মোট ছয়টি দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। মহামেডান এবং পাঞ্জাব এফসির সাথে জায়গা পেয়েছে ইস্টবেঙ্গল। সেই সূত্র ধরেই, টুর্নামেন্টের প্রথম ম্যাচে মহামেডানের মুখোমুখি হওয়ার কথা লাল হলুদ বাহিনীর। সেই ম্যাচ কোথায় আয়োজিত হবে তা ঠিক না হলেও ম্যাচের তারিখ ঠিক হয়ে যাওয়ার পরেই ইস্টবেঙ্গলের দল নিয়ে তৈরি হয়েছে সংশয়।

এ প্রসঙ্গে ইতিমধ্যেই লাল হলুদের শীর্ষ কর্তা দেবব্রত সরকার খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, কোচ হাবাস শিল্ডে খেলতে চাইছেন না। তাঁর কথায়, “আমাদের কোচ শিল্ডে খেলতে চাইছেন না। আলোচনা হচ্ছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।” এ প্রসঙ্গে সমর্থকদের অবশ্য দাবি, সিনিয়র দলের প্লেয়ারদের অবশ্যই খেলানো উচিত। তবে সর্বশেষ সিদ্ধান্ত নেবে ইস্টবেঙ্গলের ক্লাব ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: বিহারের বাসিন্দা, জাপানের হয়ে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে খেলবেন সেই ‘ভারতীয়’ ক্রিকেটার?

প্রসঙ্গত, সম্প্রতি জর্ডন থেকে খেলে আসার পর পুরো দল নিয়ে প্রস্তুতি শুরু করতে চলেছেন ইস্টবেঙ্গলের বর্তমান কোচ হাবাস। যা খবর, আগামী 22 সেপ্টেম্বর থেকেই সিনিয়র দল নিয়ে প্রস্তুতি শুরু করবেন তিনি। এদিনই মহামেডানের বিরুদ্ধে ম্যাচের পর 28 সেপ্টেম্বর পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। এই ম্যাচটি অবশ্য লাল হলুদের ঘরের মাঠে হওয়ার কথা। বলে রাখি, দ্বিতীয় গ্রুপে মোহনবাগানের সাথে জায়গা ভাগ করে নিয়েছে শ্রীনিধি ডেকান এফসি এবং নর্থইস্ট ইউনাইটেড।