WhatsApp-এ চার্জ বসানোর জের, বিনামূল্যে চালু Arattai-র বিজনেস অ্যাপ

Published:

Arattai for Business

অনন্যা সরকার, কলকাতা: জোহোর (Zoho) প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু এবার মেসেজিং অ্যাপ ‘আরাত্তাই’-এর একটি ব্যবসায়িক সংস্করণ (Arattai for Business) চালু করেছেন। এই অ্যাপটি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে গ্রাহকদের কাছে পৌঁছাতে ও তাদের মধ্যে যোগাযোগ সহজ করতে করে তুলতে সাহায্য করবে। জোহোর প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে এই অ্যাপটির বিষয়ে ঘোষণা করেন। পাশাপাশি, কোম্পানি ‘আরাত্তাই বিজনেস প্ল্যাটফর্ম’ও চালু করেছে, যা ব্যবসায়িক সফটওয়্যার ও অটোমেশন সিস্টেমগুলোকে আরাত্তাই-এর সাথে সংযুক্ত হওয়ার সুযোগ দেয়। মেটা সম্প্রতি হোয়াটসঅ্যাপ বিজনেসের (WhatsApp Business)-এর মূল্য সংশোধন করার পরই ভারতীয় কোম্পানিটি এই পদক্ষেপ নিয়েছে। ১ অক্টোবর থেকে অর্ডার কনফার্মেশন বা ডেলিভারি আপডেট জানানোর মতো নির্দিষ্ট কিছু মেসেজ পাঠানোর ক্ষেত্রে কোম্পানিগুলোকে অর্থ প্রদান করতে হবে। এদিকে, জোহো এখনও তাদের ‘আরাত্তাই ফর বিজনেস’-এর জন্য কোনও চার্জ ঘোষণা করেনি।

শ্রীধর ভেম্বু কী জানিয়েছেন?

জোহো তাদের এক্স অ্যাকাউন্ট থেকে টুইট করে জানিয়েছে যে, এই প্ল্যাটফর্মটি সরকারি বিভাগ ও ইন্ডিয়ান রেলওয়ের মতো জনসেবামূলক পরিষেবাগুলোর জন্য বিনামূল্যে পাওয়া যাবে। শ্রীধর ভেম্বু জানিয়েছেন যে, তাঁর সংস্থা বর্তমানে নতুন সিস্টেমগুলোকে ইন্টিগ্রেট করার জন্য কাজ করছে, কিন্তু এই ফিচারগুলি কবে থেকে সম্পূর্ণরূপে চালু হবে, তার কোনো নির্দিষ্ট তারিখ বা সময়সীমা এখনও প্রকাশ্যে আসেনি।

নিজের এক্স পোস্টে ভেম্বু স্পষ্টভাবে জানিয়েছেন যে, সরকার এবং রেলওয়ের মতো জনসেবামূলক পরিষেবাগুলোর জন্য আরাত্তাই-এর বিজনেস প্ল্যাটফর্মটি সম্পূর্ণ বিনামূল্যে। “এই পরিষেবাগুলোকে একীভূত করার জন্য আমরা বর্তমানে নতুন ফিচার নিয়ে কাজ করছি।” এছাড়াও, কোম্পানিটি স্বাস্থ্যসেবা এবং অন্যান্য প্রতিষ্ঠানকে প্রতি মাসে বিনামূল্যে ১০ লক্ষ মেসেজ পাঠানোর সুযোগ দিচ্ছে।

আরও পড়ুন: গুগলে যা খুশি সার্চ করছেন? এই বিষয়গুলি খুঁজলেই হতে পারে জেল

আরাত্তাই-ফর-বিজনেস অ্যাপটি গত মাসে প্রথম গুগল প্লে স্টোরে আত্মপ্রকাশ করে এবং বর্তমানে এটি ডাউনলোডের জন্য উপলব্ধ। জোহো জানিয়েছে যে, অ্যাপটি ভারতে তৈরি এবং ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য ডিজাইন করা হয়েছে। এই প্ল্যাটফর্মটি এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড মেসেজিং, ডিভাইস ও ডেটা-সিঙ্ক চ্যাটিং সহ অনেক সুবিধা প্রদান করে। প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপের একটি ভারতীয় সংস্করণ তৈরি করে আরাত্তাই গত বছর সবার দৃষ্টি আকর্ষণ করে এবং এমনকি কিছু সময়ের জন্য ইন্ডিয়ান অ্যাপ স্টোরে এটি শীর্ষস্থানও দখল করে নিয়েছিল। 

তাই এখন জোহো-র ‘আরাত্তাই ফর বিজনেস’-এর আগমন হোয়াটসঅ্যাপ বিজনেসের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ১ অক্টোবর থেকে মেটা ইউটিলিটি মেসেজের ক্ষেত্রে ফি বাড়ানোর দরুন, সরকারি, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা ক্ষেত্রের জন্য আরাত্তাই-এর বিনামূল্যের মেসেজিং পরিষেবাটি কোম্পানিগুলোর জন্য একটি আদর্শ স্বল্প মূল্যের বিকল্প হতে পারে।

google button