সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি ট্রেনের টিকিট কাটার জন্য আইআরসিটিসি অ্যাপ (IRCTC App) ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। এবার রেলের এই অ্যাপে এমন এক ফিচার যুক্ত হয়েছে যা আপনার জন্য অনেক সহায়ক হবে। ভাবতে বাধ্য হবেন, এই ফিচারটা আগে কেন লঞ্চ করা হয়নি, তাহলে আপনার টাকা আরও বেঁচে যেত। এবার থেকে অ্যাপে পেমেন্ট ফেল হলে টেনশন দেওয়ার দরকার নেই। কারণ চালু হয়েছে নতুন ফিচার। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
নতুন ফিচার লঞ্চ করল IRCTC
পেমেন্ট ফেল হওয়ার সমস্যার সমাধানে, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) তাদের iPAY প্ল্যাটফর্মে একটি নতুন ‘Resume/Retry Booking’ ফিচার চালু করেছে। IRCTC iPay অ্যাপের এই নতুন ফিচারটি কোনো লেনদেন ব্যর্থ হলে ব্যবহারকারীদের স্বস্তি দেয়। যদি ব্যাংক থেকে পেমেন্ট সফল হয় কিন্তু IRCTC কোনো কনফার্মেশন না পায়, তাহলে ব্যবহারকারীরা কেটে নেওয়া টাকা একই দিনের পরবর্তী বুকিংয়ের জন্য ব্যবহার করতে পারবেন, তবে শর্ত হলো উভয় লেনদেনের টাকার পরিমাণ একই হতে হবে। সহজ কথায়, যদি টিকিট বুক না করা হয় এবং টাকা কেটে নেওয়া হয়, তাহলে আপনাকে রিফান্ডের জন্য অপেক্ষা করতে হবে না। ওটা পরবর্তী টিকিট বুকিং-এর ক্ষেত্রে টাকাটা ফরওয়ার্ড হয়ে যাবে।
উপকৃত হবেন যাত্রীরা
এই ফিচারটির লক্ষ্য হলো টিকিট বুকিংয়ের সময় পেমেন্ট ফেল হওয়ার সমস্যা কমানো। এই ফিচারটি ভ্রমণকারীদের সময় ও অর্থ উভয়ই সাশ্রয় করবে, বিশেষ করে বুকিংয়ের ব্যস্ততম সময়ে যখন সার্ভারে চাপ বেশি থাকে। আইআরসিটিসি iPay ব্যবহারকারীদের জন্য তৃতীয় পক্ষের প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা দূর করবে। এটি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট, প্রিপেইড কার্ড এবং অটো-পে সহ বিভিন্ন ধরণের পেমেন্টের সুবিধা প্রদান করবে।
আরও পড়ুনঃ বর্ষা নিয়ে বড় পূর্বাভাস আবহাওয়া দফতরের, কম না বেশি হবে? জানাল IMD
এখানে জানিয়ে রাখি, গত ১ জানুয়ারি, ২০২৬ থেকে একটি বড় পরিবর্তন কার্যকর করা হয়েছে। অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড (ARP)-এর প্রথম দিনে সাধারণ রিজার্ভেশনের টিকিট বুক করার জন্য এখন আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক। এর অর্থ হলো, শুধুমাত্র সেইসব ব্যবহারকারীই টিকিট বুক করতে পারবেন, যাদের IRCTC অ্যাকাউন্ট আধারের সাথে লিঙ্ক এবং যাচাই করা আছে। সেক্ষেত্রে আপনি যদি এখনও আধার-এর সাথে আপনার অ্যাকাউন্ট লিঙ্ক না করে থাকেন, তাহলে IRCTC ওয়েবসাইট বা অ্যাপে লগ ইন করে ‘My Profile’ বিভাগে গিয়ে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন।










