সৌভিক মুখার্জী, কলকাতা: শাওমি খুব শীঘ্রই তাদের বাজেট 5G স্মার্টফোনের তালিকায় নতুন করে যুক্ত করতে চলেছে Redmi 17C 5G মডেল। ফোনটি ইতিমধ্যেই জনপ্রিয় বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম Geekbench-এ দেখানো হয়েছে। এর ফলে ডিভাইসটির প্রসেসর থেকে শুরু করে র্যাম, সফটওয়্যার সংক্রান্ত একাধিক তথ্য সামনে এসেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, নতুন এই ফোনটি আগের মডেল Redmi 15C 5G এর সঙ্গে অনেকটাই মিল রেখেই তৈরি করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। কিন্তু বিভিন্ন সূত্রের দাবি, আগামী কয়েক মাসের মধ্যেই ভারতসহ একাধিক দেশে ফোনটি লঞ্চ করা হতে পারে।
Geekbench-এ কী কী তথ্য মিলেছে ফোনটি সম্পর্কে?
Geekbench এর তালিকা অনুযায়ী, Redmi 17C 5G ফোনটির কোডনেম রয়েছে Tornado। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এই একই কোডনেম আগে Redmi 15C 5G এবং POCO C85 5G এর ক্ষেত্রেও দেখা গিয়েছিল। যার ফলে ধারণা করা হচ্ছে, নতুন ফোনটি সম্পূর্ণ নতুন হার্ডওয়ারের পরিবর্তে আগের মডেলের আপগ্রেড সংস্করণ হিসেবে বাজারে আসতে পারে। আর বেঞ্চমার্ক পরীক্ষায় ফোনটি সিঙ্গেল কোরে 729 এবং মাল্টি কোরে 1692 স্কোর করেছে। এমনকি তালিকা অনুযায়ী, এটিতে অক্টা-কোর MediaTek Dimensity 6300 প্রসেসর রয়েছে। আর 4GB RAM এবং Android 16 অপারেটিং সিস্টেমের সঙ্গে Xiaomi-এর HyperOS ইন্টারফেস দেখা গিয়েছে।
তবে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Xiaomi-এর HyperOS ফোনটিতে থাকতে পারে 6.9 ইঞ্চির একটি HD LCD ডিসপ্লে। সাথে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ডেপথ সেন্সর এবং 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। এছাড়া 6000mAh এর ব্যাটারি থাকতে পারে, আর 33W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে। এই স্পেসিফিকেশন বাজেট সেগমেন্টে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং 5G সংযোগ যারা খুঁজছেন তাদের জন্য হতে পারে দারুণ বিকল্প।
আরও পড়ুন: তৃণমূল জমানায় ঘটা দুর্নীতির তদন্ত করতে নয়া কমিশন গড়ল শুভেন্দুর সরকার
কবে হতে পারে লঞ্চ?
যদিও ফোনটি নির্দিষ্ট লঞ্চের তারিখ এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি কোম্পানির তরফ থেকে। কিন্তু বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে, খুব শীঘ্রই ভারত এবং অন্যান্য আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ করতে পারে ফোনটি। এমনকি দামের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য মেলেনি। কিন্তু বাজার বিশ্লেষকদের ধারণা, এটি Redmi 15C 5G এর কাছাকাছি দামে লঞ্চ হতে পারে। প্রসঙ্গত, Redmi 15C 5G ফোনের 4GB + 128GB ভেরিয়েন্টের দাম ছিল ভারতের বাজারে 12,499 টাকা।










