২৪ আগস্ট থেকে বদলাচ্ছে SIM কার্ডের নিয়ম, কড়া নির্দেশ DoT-র

Published:

SIM Card

সৌভিক মুখার্জী, কলকাতা: ডিজিটাল যুগে অনেকে একসঙ্গে ৩-৪টি সিম (SIM Card) রেখে দেয়। তবে এবার অনলাইন প্রতারণা ও সাইবার জালিয়াতি আটকাতে বড় পদক্ষেপ গ্রহণ করছে ভারতের টেলিযোগাযোগ বিভাগ DoT। সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, এখন থেকে যদি আপনার নামে ইতিমধ্যেই ৯টি সিম সক্রিয় থেকে থাকে, তাহলে আর আপনি নতুন সিম পাবেন না। পুরনো সিম কার্ড বন্ধ না করলে মিলবে না নতুন সিম। আগামী ২৪ আগস্ট থেকেই এই নিয়ম কার্যকর হচ্ছে। এর ফলে অনলাইন প্রতারণার হার অনেকটাই কমবে বলে মত ওয়াকিবহাল মহলের।

সিম কার্ড নিয়ে এবার কড়া নির্দেশিকা টেলিযোগাযোগ দফতরের

DoT এর নির্দেশিকা অনুযায়ী, সমস্ত টেলিকম কোম্পানিকে এবার সিম কার্ড ইস্যু করার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আগামী ২৪ আগস্ট থেকে কোনও গ্রাহক ৯টির বেশি সিম কার্ড আর তুলতে পারবে না। যদি সেই সীমা অতিক্রম হয়ে যায় তাহলে তিনি আর নতুন সিম কিনতে পারবেন না বলেই জানানো হয়েছে। এমনকি একান্তই যদি সিম কার্ড তুলতে হয়, তাহলে আগের সিম বন্ধ করে নতুন সিম তোলা যাবে।

তবে এই নিয়ম কার্যকর করার জন্য ডটের তরফ থেকে প্রত্যেকটি টেলিকম কোম্পানিগুলিকে ডিআইপি অর্থাৎ ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম ব্যবহার করার নির্দেশ দিয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমেই সমস্ত গ্রাহকদের তথ্য সুরক্ষিত থাকবে। এমনকি কে ক’টি সিম তুলল, তা জানা যাবে এই প্ল্যাটফর্মে। এর পাশাপাশি আগামী ২৩ আগস্ট থেকে যাঁদের কাছে ইতিমধ্যেই ৯টি সক্রিয় সিম রয়েছে, তাঁদের তথ্য এবং ছবি আলাদাভাবে ডেটাবেসে যুক্ত করা হবে। এতে কোম্পানিগুলো খুব সহজে বুঝতে পারবে, কোন গ্রাহকদের আর সিম কার্ড দেওয়া সম্ভব নয়।

আরও পড়ুন: “অনলাইনেও কেওয়াইসি হয়” অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ভর্ৎসনা হাইকোর্টের

এদিকে টেলিকম কোম্পানিগুলিকে ডট আগামী ৩০ নভেম্বরের মধ্যেই তাদের সিস্টেম ডিআইপি পোর্টালের সঙ্গে কানেক্ট করার নির্দেশ দিয়েছে। এর মাধ্যমে ভুয়ো তথ্য ব্যবহার করে সিম নেওয়ার প্রবণতা বন্ধ হবে। এমনকি যদি কোনও গ্রাহক ইতিমধ্যেই ৯টির বেশি সিম কার্ড তুলে ফেলেন, তাহলে তাঁর নামে ইস্যু হওয়া সর্বশেষ নম্বরটি ব্লক করা হবে। এমনকি গ্রাহকদেরকে নিজেদের নামে কয়টি সিম কার্ড ইস্যু রয়েছে তা জানার পরামর্শ দিয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা। এটি আপনি অনলাইনের মাধ্যমেই করতে পারবেন। এর জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—

  • প্রথমে ভারত সরকারের সঞ্চার সাথীর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
  • এরপর সেখানে আপনার ১০ ডিজিটের মোবাইল নম্বর আর ক্যাপচা কোড ইনপুট করতে হবে।
  • এরপর ফোনে আসা ওটিপি ইনপুট করে লগইন করতে হবে।
  • এরপর আপনার নামে ইস্যু করা সমস্ত সক্রিয় মোবাইল নম্বরের তালিকা দেখতে পাবেন।
  • এমনকি যদি আপনি এমন কোনও নম্বর দেখতে পান যেটি আপনার প্রয়োজন নেই, সেটিকে আপনি রিপোর্ট করতে পারেন।