মমতার পদ না ছাড়া, বিজেপি কর্মী খুন…! আজকের সেরা ১০ খবর (৫ মে)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৫ মে, মঙ্গলবার। মমতার পদ না ছাড়া, বিজেপি কর্মী খুন, শান্তনু সিনহার বিরুদ্ধে লুকআউট নোটিশ ইডির, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) হিন্দু ছাড়া কারও প্রবেশাধিকার বন্ধের পোস্টার কঙ্কালীতলায়

বীরভূমের সতীপীঠ কঙ্কালীতলা মন্দিরে গঙ্গার জল এবং দুধ দিয়ে শুদ্ধিকরণ কর্মসূচি পালন করেছে বিজেপি। মঙ্গলবার মন্দির প্রাঙ্গণে গেরুয়া পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। আর প্রবেশ পথে হিন্দু ছাড়া বিধর্মীদের প্রবেশ নিষিদ্ধ লিখে লিখে একটি হোডিং টাঙানো হয়েছে। বিজেপি নেতৃত্বদের দাবি, মন্দিরের পবিত্রতা এবং প্রাচীন আধ্যাত্মিক মর্যাদা রক্ষার জন্যই এই পদক্ষেপ। পাশাপাশি মন্দির ট্রাস্টের আর্থিক অনিয়মের তদন্তের আশ্বাস দিয়ে তারা জানিয়েছেন যে, এখন থেকে গর্ভগৃহে কঠোর ধর্মীয় নিয়ম মেনে চলতে হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) পুনর্গণনাতেই এক আসন বাড়ল বিজেপির

রাজারহাট নিউটাউন কেন্দ্রে বিরাট পরিবর্তন। প্রথমে সামান্য ব্যবধানে তৃণমূলের তাপস চট্টোপাধ্যায় এগিয়ে থাকলেও বিজেপি প্রার্থী পীযূষ কানোড়িয়ার পুনরায় গণনার দাবিতে বদলে গেছে ফল। দ্বিতীয়বার গণনায় ৩০৯ ভোটে জয়ী হয়ে আসনটি ছিনিয়ে নিয়েছে বিজেপি। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, পীযূষ পেয়েছেন ১ লক্ষ ৬ হাজার ৫৬৪ ভোট। সিপিএম এই কেন্দ্রে ৩২ হাজারের বেশি ভোট কাটার কারণে তৃণমূলের পথ কঠিন হয়ে পড়েছিল। যার ফলে রাজ্যে বিজেপির শক্তি আরও বাড়ল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) রাজ্য সরকারের মামলায় এখনই রায় নয়, হাইকোর্টে আর্জি আইনজীবীর

রাজ্যে সরকার পরিবর্তনের আবহে কলকাতা হাইকোর্টে নজিরবিহীন আবেদন জানিয়েছেন বিজেপিপন্থী আইনজীবীরা। আইনজীবী সুস্মিতা শাহ দত্ত প্রধান বিচারপতির বেঞ্চে আর্জি জানিয়েছেন যে, প্রশাসনিক পালাবদলের এই আবহে কোনও রাজ্য সরকার সংক্রান্ত মামলাগুলোর রায় যেন এখনই ঘোষণা না করে দেওয়া হয়। তাদের দাবি, নতুন সরকার গঠন এবং নতুন সরকারি আইনজীবী নিয়োগের জন্য কিছুটা সময়ের দরকার। প্রধান বিচারপতি সুজয় পাল জানিয়েছেন, মামলার বিষয়বস্তু বিচার করে এই আবেদন বিবেচনা করা হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) রাইটার্স থেকে চলবে বিজেপির রাজ্য সরকার

১৫ বছর পর বাংলার পালা বদল ঘটিয়ে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। ভবানীপুর এবং নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পর এখন আলোচনা পরবর্তী মুখ্যমন্ত্রী এবং প্রশাসনিক কেন্দ্র নিয়ে। তবে জল্পনা শুরু হয়েছে, নবান্নর বদলে ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং থেকে হয়তো নতুন সরকার পরিচালনা করতে পারে বিজেপি। অতিতে বিজেপি নেতৃত্বর দেওয়া ইঙ্গিত এরকম জল্পনার ভিত্তি। শুভেন্দু অধিকারীর নাম আলোচনায় থাকলেও কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতি বাংলার ভাগ্য নির্ধারণ করবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) জিতেই গোসাবা সেতুর শিলান্যাস বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করের

গোসাবার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করতে বিরাট পদক্ষেপ নিয়েছেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক বিকর্ণ নস্কর। তৃণমূল প্রার্থীকে ১৬,১০০ ভোটে পরাজিত করে জয়ী হওয়ার পর তিনি বহু প্রতীক্ষিত গোসাবা সেতুর শিলান্যাস করে ফেলেছেন। নদী পারাপারে এলাকাবাসীর দুর্ভোগ কমানোর জন্য নির্বাচনের আগে এই সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। ফেসবুকে তিনি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, কথা রাখার জন্যই দ্রুত পদক্ষেপ। এই উদ্যোগে খুশি স্থানীয়রা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) শান্তনু সিনহার বিরুদ্ধে লুকআউট নোটিশ ইডির

বালি পাচার এবং জমি মাফিয়া সোনা পাপ্পু সংক্রান্ত আর্থিক তছরুপের মামলায় কলকাতা পুলিশের ডিজি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে এবার লুকআউট নোটিশ জারি করেছে ইডি। বারবার নোটিশ পাঠানো সত্বেও হাজিরা এড়িয়ে যাওয়ার কারণে তিনি দেশ ছাড়তে পারেন বলে আশঙ্কা করা হয়েছিল। ইতিপূর্বে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে এবং তার দুই ছেলেকে তলব করেও কোনও রকম সারা মেলেনি। তদন্তে অসহযোগিতা করার কারণে এখন থেকে দেশের কোনও বিমানবন্দর বা সীমান্ত দিয়ে তিনি বিদেশে পাড়ি দিতে পারবেন না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) বাংলায় কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে

বাংলার সিংহাসনে বিজেপির ঐতিহাসিক জয়ের পর সরকার গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য এবার কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়োগ করেছে বিজেপি। তাঁর সঙ্গে সহ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। বিধানসভায় দলীয় নেতা তথা পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচনে ভার তাদের কাঁধেই থাকবে। অন্যদিকে অসমের জন্য জেপি নাড্ডা এবং হরিয়ানার মুখ্যমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই বিশেষ নিয়োগ বঙ্গের শক্তিশালী প্রশাসন গড়ার ক্ষেত্রে বিরাট ভূমিকা নেবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) হাওড়ায় পিটিয়ে খুন বিজেপি কর্মী, গ্রেফতার ১

ভোটের ফলপ্রকাশের রাতেই হাওড়ার উদয়নারায়নপুরে যাদব বর নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে এবং কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজয় উদযাপন সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত হয়েছিলেন তিনি। পুলিশ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। অন্যদিকে বেলেঘাটায় বিশ্বজিৎ পট্টনায়ক নামে এক তৃণমূল কর্মীর রহস্য মৃত্যু ঘিরে আবারও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রাজ্যজুড়ে ভোট পরবর্তী হিংসার ঘটনায় একাধিক জায়গায় পার্টি অফিস ভাঙচুর হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) তৃণমূল পার্টি অফিসে মিলল অসংখ্য রেশন কার্ড

বর্ধমানের কালিবাজার রোডে তৃণমূল নেতা উত্তম সেনগুপ্তের পার্টি অফিস থেকে কয়েকশো রেশন কার্ড এবং খামভর্তি বায়োডাটা উদ্ধারের ঘটনায় এবার চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিজেপি কর্মীদের দাবি, জনগণের রেশন চুরির উদ্দেশ্যে এই সমস্ত কার্ড মজুদ করা হয়েছিল। ভোটের ফলাফল প্রকাশের পর সেখানে তালা ভেঙে প্রবেশ করতেই ড্রয়ার থেকে সরকারি ফাইল এবং চাকরির আবেদনপত্র মেলার কারণে দুর্নীতির অভিযোগ তুলছে আন্দোলনকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে বর্ধমান শহর উত্তাল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) পদত্যাগ করতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

হেরে গিয়েও পদত্যাগ করতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন যে, কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। আমাদেরকে জোর করে হারানো হয়েছে। প্রসঙ্গত, এবার বিজেপি ২০৭টি আসনে একক সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করেছে। অন্যদিকে ১৫ বছরের শাসক দল তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে। সেই সূত্রে আগামী ৭ মে-র মধ্যেই পদত্যাগ করার কথা মুখ্যমন্ত্রীর। তবে তিনি যদি পদত্যাগ না করেন, তাহলে রাজ্যপালকে ব্যবস্থা নিতে হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন