প্রীতি পোদ্দার, কলকাতা: ভোটের ফল প্রকাশের দিনই চরম অশান্তি রাজ্য জুড়ে। সোমবার, রাতে এক বিজেপি কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ায় (Howrah)। পিটিয়ে খুনের (Murder) অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত। অন্যদিকে বেলেঘাটায় বাড়ির বাইরে এক কর্মীর দেহ উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। মৃত যুবকের নাম বিশ্বজিৎ পট্টানায়ক।
ঠিক কী ঘটেছিল?
রিপোর্ট মোতাবেক, হাওড়ার উদয়নারায়ণপুর বিধানসভার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের ১৪৮ নম্বর বুথ এলাকার বাসিন্দা ছিলেন বিজেপির সমর্থক যাদব বর। বঙ্গ বিজেপি ক্ষমতায় আসায় বাকি সকলের মতোই দলের সতীর্থদের সঙ্গে উদ্যাপন করছিলেন যাদব। কিন্তু রাতে ঘটল ভয়ংকর ঘটনা। রাত ১১টা নাগাদ তিনি যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় তাঁকে টেনেহিঁচড়ে রাস্তার ধারে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় যাদবকে। তারপর তাঁর দেহ নর্দমায় ফেলে দেওয়া হয়। খবর পেয়ে ছুটে পরিবারের সদস্যরা। চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় এলাকা জুড়ে।
গ্রেফতার এক অভিযুক্ত
জানা গিয়েছে, স্থানীয়রা তড়িঘড়ি রক্তাক্ত বিজেপি কর্মীকে উদ্ধার করে উদয়নারায়ণপুর হাসপাতালে নিয়ে গিয়েছিল কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেয়। মঙ্গলবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। অনুমান করা হচ্ছে এই ঘটনায় জড়িত দুষ্কৃতীরা আসলে তৃণমূল আশ্রিত, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ইতিমধ্যে খুনের মামলা রুজু করেছে পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী এক জনকে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু তাঁর পরিচয় এখনও জানা যায়নি।
আরও পড়ুন: কিছুক্ষণেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়ের সঙ্গে ঝেঁপে বৃষ্টি, আবহাওয়ার খবর
ভোটের ফলপ্রকাশের পর রাজ্যে দিকে দিকে অশান্তি। বহু জায়গায় তৃণমূল অফিসে হামলার অভিযোগ উঠেছে। এমনকি বেলেঘাটায় এক তৃণমূল কর্মীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিশ্বজিৎ পট্টানায়ক। তিনি আসলে তৃণমূলের বুথ এজেন্ট ছিলেন। মৃতের পরিবার জানায়, গতকাল, ভোট গণনার দিন সারাদিন বাড়িতেই ছিলেন তিনি। তবে সন্ধ্যা নাগাদ ফোন পেয়ে বেরিয়েছিলেন তিনি। পরে তাঁর মৃতদেহ উদ্ধার হয় বাড়ির সামনে থেকে। বেলেঘাটা থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।










