শনিতেও উত্তর থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সতর্কতা, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: সকাল থেকে মেঘলা থাকলেও দুপুরের পর থেকেই বদলে যাচ্ছে আবহাওয়া। ঘন কালো অন্ধকার করে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েই চলেছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal)। গত কয়েকদিন ধরে বর্ষার প্রভাব অনেকটাই বেড়েছে। কোথাও জল জমেছে, কোথাও গাছ পড়েছে, আবার কোথাও যান চলাচলে সমস্যা তৈরি হয়েছে। বর্তমানে আবহাওয়া এখনও অস্থির। আশঙ্কা করা হচ্ছে আগামীকালও (Weather Tomorrow) মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

এইমুহুর্তে উত্তর বিহার থেকে ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে। তাই সপ্তাহান্তে অতি ভারী বৃষ্টির জেরে স্বাভাবিক জনজীবন ব্যাহত হতে পারে। তাই অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানো, পাহাড়ি এলাকায় সতর্ক থাকা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের বাসিন্দাদেরও বজ্রপাতের সময় খোলা জায়গায় না বেরোনোর আবেদন জানিয়েছে আবহাওয়া দপ্তর। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার, কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে। তার সঙ্গে রোদের দেখা পাওয়া যাবে। যার ফলে ভ্যাপসা গরম বজায় থাকবে। যদিও দুপুরের পর থেকে আবহাওয়ার বদল দেখা যাবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে পরিস্থিতি বদলাবে।

আরও পড়ুন: ছুটির দিনেও যেতে হবে অফিসে! প্রকাশ্যে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আগামীকাল শনিবারও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই কোনো দরকার না থাকলে বাড়ি থেকে বেরোতে মানা করা হয়েছে। রয়েছে ভূমিধসের সম্ভাবনা। তাই পাহাড়ি এলাকায় ধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং নিচু এলাকায় জল জমার কথা মাথায় রেখে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।