ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, দক্ষিণের ৩ জেলায় হলুদ সতর্কতা, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: একটানা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রীতিমত নাকানি চুবানি খাচ্ছে গোটা রাজ্য। সকাল সন্ধ্যে রাত তিন বেলাতেই ঝমঝমিয়ে নামছে বৃষ্টি, আর এই অবস্থায় ঘূর্ণাবর্তের প্রভাবে ফের বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নতুন নিম্নচাপ। জানা গিয়েছে এর প্রভাবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal) আগামী কয়েক দিন (Weather Tomorrow) মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কেবল দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতেও সতর্কতা জারি করা হয়েছে।

বর্ষার মরসুমে একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ যেন আরও দুর্যোগমূলক পরিস্থিতি তৈরি করছে। এমতাবস্থায় আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উঁচুতে একটি উচ্চস্তরের ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আর এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে রাজ্য জুড়ে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার, দিনভর আকাশ মেঘলা থাকবে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে। উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিচ্ছিন্ন কিছু এলাকায় ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন: বাংলার স্কুলে পড়ুয়াদের জন্য নিষিদ্ধ হল মোবাইল, কড়া নির্দেশিকা পর্ষদের

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল, উত্তরের প্রায় প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণে পাহাড়ি ও সংলগ্ন এলাকাগুলিতে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ভারী বর্ষণের আশঙ্কায় ইতিমধ্যেই আলাদা করে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দুর্যোগের কারণে নিচু এলাকায় সাময়িক জলযন্ত্রণা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।