ফের নিম্নচাপ! দক্ষিণবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার আবহাওয়া (Weather Today) নিয়ে ফের একবার চরম সতর্কবার্তা জারি করা হল। আজ বৃহস্পতিবার জেলায় জেলায় জারি করা হল ভারী বৃষ্টির সতর্কতা। নিম্নচাপের জেরে আবারও একবার বাংলায় দুর্যোগ ধেয়ে আসছে বলে খবর। আজ কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই কলকাতার আকাশ মূলত মেঘলা। এদিকে বেলা যত গড়াবে ততই মেঘ বৃষ্টির আসল খেলা শুরু হবে বলে খবর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়া কলকাতা, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি উল্লেখিত জেলাগুলিতে বাজ পড়ারও সম্ভাবনা রয়েছে।

বর্তমান আবহাওয়া প্রসঙ্গে বললে, সমুদ্রপৃষ্ঠে গড় অবস্থায় মৌসুমি অক্ষরেখাটি বর্তমানে জম্মু, দেরাদুন, শাহজাহানপুর, দক্ষিণ উত্তরপ্রদেশ ও সংলগ্ন উত্তর-পূর্ব মধ্যপ্রদেশের উপর অবস্থানরত নিম্নচাপ এলাকার কেন্দ্র, রাঁচি, দিঘা এবং সেখান থেকে দক্ষিণ-পূর্ব দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া দক্ষিণ উত্তরপ্রদেশ ও সংলগ্ন উত্তর-পূর্ব মধ্যপ্রদেশের উপর অবস্থানরত নিম্নচাপ এলাকা কেন্দ্র থেকে পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ওড়িশার উপর দিয়ে ১.৫ থেকে ৩.১ কিলোমিটার উচ্চতায় উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার জেলায়। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

আরও পড়ুনঃ রাজ্যের ৫০ হাজার ছাত্রীকে স্কুটি দেওয়ার ঘোষণা বিজেপি সরকারের

আগামীকালের আবহাওয়া

শুক্রবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, নদীয়া, হুগলী, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা সহ প্রতিটি জেলায় মাঝারি থেকে বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।