সহেলি মিত্র, কলকাতাঃ গরম পড়তে না পড়তেই বাংলায় অশনি সংকেত! ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি। মুহুর্মুহু বজ্রপাত, দমকা হাওয়া ও বৃষ্টির জন্য আজ পশ্চিমবঙ্গ জুড়ে সতর্কতা (Weather Today) জারি করল আলিপুর আবহাওয়া দফতর। নতুন করে একদিকে যখন গরমে হাঁসফাঁস করতে শুরু করেছিলেন মানুষ, তখন আচমকাই বাংলাজুড়ে দুর্যোগের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আজ বুধবার দিকে দিকে হবে প্রবল ঝড় বৃষ্টি। কিছু জেলায় তো আবার ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আসলে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের শক্তিবৃদ্ধি হচ্ছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও এর তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি আরো কিছুটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে অনেকটা একই এলাকায় অবস্থান করছে। যার ফলে দুর্যোগের ভ্রূকুটি রয়েছে। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন হালকা থেকে মাঝারি, বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনাও রয়েছে।
আলিপুর মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থানরত নিম্নচাপ অঞ্চলটি একই জায়গায় অবস্থান করছে। এরইসঙ্গে ঘূর্ণাবর্তটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৪.৫ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আরও কিছু নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত রয়েছে যার সৌজন্যে বাংলাজুড়ে প্রবল দুর্যোগের সম্ভাবনা তৈরি হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭-২০ সেমি)-র জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি জেলায়। এছাড়া ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আগামীকালের আবহাওয়া
এবার আসা যাক আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়া সম্পর্কে। উত্তরবঙ্গের কথা বললে, এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কোচবিহার জেলায়। এদিন আবার দক্ষিণবঙ্গের এক দুটি জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।










