প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমানে দক্ষিণবঙ্গে (South Bengal) নিম্নচাপের প্রভাব কাটলেও উত্তরবঙ্গে ধরে ধীরে বাড়ছে দুর্যোগের ডঙ্কা। জানা গিয়েছে, আগামীকাল, বৃহস্পতিবার, (Weather Tomorrow) উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বইবে ঝোড়ো হাওয়া। বিগত কয়েকদিন ধরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েই চলেছে দফায় দফায়। যদিও এইমুহুর্তে নিম্নচাপ কাটলেও এখনও দক্ষিণবঙ্গে বজায় রয়েছে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি।
আবহাওয়াবিদদের তরফে জানানো হয়েছে, নিম্নচাপটি অনেকটাই পূর্ব মধ্যপ্রদেশে সরে গিয়েছে। অন্যদিকে আবার একই সময়ে উত্তর-পূর্ব আরব সাগর থেকে বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, যা বিস্তৃত হবে মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে। পাশাপাশি মৌসুমি অক্ষরেখাও রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই পরিস্থিতির জেরেই দক্ষিণবঙ্গে নয় এবার উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়বে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গে বৃষ্টি দুর্যোগ কমে গেলেও বিক্ষিপ্ত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও খুব বেশি বৃষ্টি হবে না। এদিকে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমের দাপট থাকবে। তবে বিকেলের দিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যদিও তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই।
আরও পড়ুন: ৫০,০০০ সাফাই কর্মী পাবে বিশেষ কিট, লাগানো হবে ৭ কোটি গাছ! ঘোষণা মুখ্যমন্ত্রীর
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতেই উত্তরবঙ্গে শুরু হয়েছে ব্যাপক দুর্যোগ। আগামীকাল, বৃহস্পতিবারও দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ঝড়বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দুই দিনাজপুর ও মালদহ বাদে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি ও দুর্যোগের তীব্রতা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।










