দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তির সতর্কতা, বৃষ্টি হবে? আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: তিতিবিরক্ত গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। একদিকে উত্তরবঙ্গ (South Bengal) যখন ভাসছে প্রবল বৃষ্টিতে, সেই সময় দক্ষিণবঙ্গে (North Bengal) নাজেহাল অবস্থা গরমে। আলিপুর আবহাওয়া অফিস বলেছে আপাতত এমনই পরিস্থিতি থাকবে। তবে ধীরে ধীরে বৃষ্টির দাপট কমতে পারে উত্তরবঙ্গে। আগামীকাল (Weather Tomorrow) রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলায় জেলায়।

হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এবং আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর প্রদেশ থেকে ওড়িশা উপকূল পর্যন্ত। যার ফলে ভারী বৃষ্টি হয়েই চলেছে উত্তরবঙ্গে। এদিকে গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। বৃষ্টি হলেও মিলছে না স্বস্তি। বর্তমানে আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত আবহাওয়া পরিবর্তনের বিশেষ কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ রবিবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গে সকাল থেকেই উষ্ণ আবহাওয়া বিরাজ করবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে গরমের বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে। রোদের তেজ থাকার পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বেশ। তবে দুপুরের দিকে তীব্র অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকলেও, বিকেল বা সন্ধ্যার দিকে ধেয়ে আসতে পারে দমকা হাওয়া ও বজ্রপাত।

আগামীকাল, বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। তবে বৃষ্টি হলেও এখনই তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই। অর্থাৎ গরমে আরও কয়েকদিন নাজেহাল হতে হবে শহরবাসীকে।

আরও পড়ুন: মৃত ব্যক্তি থেকে আয়ের ঊর্ধ্বসীমা পার, ৭ লক্ষ রেশন কার্ড বাতিল করল সরকার

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

রবিবার, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সঙ্গে বইবে ৩০-৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া। তবে বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে।