কলকাতা সহ একাধিক জেলায় মুষলধারে বৃষ্টি শুরু, কেমন থাকবে বিকেলের আবহাওয়া?

Published:

Weather Update

সহেলি মিত্র, কলকাতা: অক্ষরে অক্ষরে মিলে গেল আবহাওয়ার পূর্বাভাস (Weather Update)। নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার জেরে দুপুরেই মুষলধারে বৃষ্টি শুরু হল জেলায় জেলায়। বৃহস্পতিবার দুপুরে কলকাতা, হাওড়া সহ একাধিক জেলায় ঝেঁপে বৃষ্টি শুরু হয়। সেইসঙ্গে বইছে দমকা হাওয়া। আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। শুধু এখনই নয়, বিকেল থেকে সন্ধের মধ্যে আরও জায়গায় জায়গায় দুর্যোগের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।

মুষলধারে বৃষ্টি শুরু

আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ থেকে আগামী কয়েকদিন নতুন করে বাংলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকবে। সক্রিয় মৌসুমী বায়ু ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তবে সব জায়গায় একসঙ্গে বৃষ্টি হবে না। ইতিমধ্যেই একাধিক জেলায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির তাণ্ডব আগামী কিছু সময় অবধি চলবে। হাওয়া অফিস বলছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়ায় প্রায় ১৫০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হতে পারে।

বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাসও বইছে। যেহেতু প্রবল বৃষ্টি হবে সেই কারণে নিচু জায়গায় জল জমতে পারে।বর্তমানে মৌসুমী অক্ষরেখা উত্তর পশ্চিম রাজস্থান থেকে উত্তর-পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম উত্তর প্রদেশের ওপর অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপ এলাকার কেন্দ্র, ঝাড়খন্ড এবং উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে অতিক্রম করছে। এছাড়া উত্তর-পূর্ব আরব সাগর থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি সিস্টেম বর্তমানে উত্তর-পূর্ব আরব সাগর থেকে সিকিম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি গুজরাট উত্তর পুরো মধ্যপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশের ওপর অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপ এলাকার সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত এবং বিহারের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

সকালের দিকে কয়েক পশলা বৃষ্টি উত্তরবঙ্গেও হয়ে গিয়েছে। তবে উত্তরবঙ্গে আজ বৃহস্পতিবার থেকে অতি ভারী বৃষ্টির লাল সর্তকতা জারি হয়েছে। বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে। এছাড়া ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বৃষ্টির পাশাপাশি উল্লেখিত জেলাগুলিতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।