সহেলি মিত্র, কলকাতাঃ উত্তরবঙ্গে যখন আকাশ ভাঙা বৃষ্টি হচ্ছে তখন গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ। বৃষ্টির ছিটেফোঁটা নেই। কয়েকদিন আগে অবধি কলকাতা সহ বাংলার অধিকাংশ জেলার পারদ স্বাভাবিকের থেকে নিচে চলে গিয়েছিল। তবে এখন তার উল্টো। আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরম এখনই যাবে না, বরং আরও জাঁকিয়ে বসবে। এদিকে বর্ষা ভারতের দোরগোড়ায় এসে পৌঁছেছে। শনিবারের মধ্যে আন্দামানে বর্ষার আগমন ঘটে যাবে বলে পূর্বাভাস জারি করে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর থেকে শুরু করে IMD। সেইসঙ্গে হবে তুমুল ঝড় বৃষ্টি। আজ শুক্রবারও বাংলার জেলায় জেলায় রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শুক্রবার কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ ও কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ,ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায়।
আইএমডি বর্ষা নিয়ে সুখবর শুনিয়েছে। ১৬ই মে শনিবার, বর্ষা দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছাবে। এমন পরিস্থিতিতে জায়গায় জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। এই মাসের শেষ সপ্তাহে কেরালার মধ্য দিয়ে বর্ষা ভারতে প্রবেশ করতে পারে বলে খবর। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সাধারণত ৩০শে মে বা ১ জুনের মধ্যে কেরালায় আসে, কিন্তু এবার এটি আরও আগে আসার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এদিন ভারী বৃষ্টির জনু হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। বৃষ্টির পাশাপাশি উল্লেখিত এবং বাদবাকি জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে।
আগামীকালের আবহাওয়া
শনিবার থেকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির তীব্রতা এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পাবে বলে খবর। এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড় বইতে পারে। দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন পুরুলিয়াম বাকিরা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা।










