সহেলি মিত্র, কলকাতাঃ একটানা তীব্র গরমের পর অবশেষে স্বস্তি পেতে চলেছেন দক্ষিণবঙ্গবাসী। আসতে চলেছে কালবৈশাখী, সঙ্গে ভারী বৃষ্টি (Weather Today)। ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সিংহভাগ জেলা। বাংলার আবহাওয়া ইতিমধ্যে বদলে যেতে শুরু করেছে সোমবার থেকে। দক্ষিণা বাতাস খেলা ঘুড়িয়ে দিয়েছে বাংলার। আজ মঙ্গলবার সকাল থেকেই অন্যান্য দিনের তুলনায় একটু কমই গরম অনুভূত হচ্ছে। বিভিন্ন হাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকে আগামী ১ জুনের সময়সীমার মধ্যে বাংলারজুড়ে তীব্র বজ্রপাত সঙ্গে ভয়ানক ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে। যদিও এখন শুধু সময়ের অপেক্ষা। কেমন থাকবে আজকের আবহাওয়া? চলুন বিশদে জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ মঙ্গলবার সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে ইতিমধ্যে একটি বুলেটিন জারি করা হয়েছে। সেটা অনুযায়ী, আজ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টির দাপট চলতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। যদিও মাত্রাতিরিক্ত গরম থাকতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক মঙ্গলবার সারাদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। জানা গিয়েছে এদিন ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এছাড়া উত্তরবঙ্গে বাদবাকি জেলাগুলিতে ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড় এবং বৃষ্টির দাপট চলতে পারে।
আগামীকালের আবহাওয়া
কেমন থাকবে বুধবারের আবহাওয়া? উত্তরবঙ্গের কথা বললে এদিন ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সর্তকতা জারি করা হয়েছে, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায়। এছাড়া বাদবাকি জেলাগুলিতে চলতে পারে ঝড়-বৃষ্টি। দক্ষিণবঙ্গের কথা বললে বুধবার কালবৈশাখী সঙ্গে তুমুল বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায়। এছাড়া ৫০ কিলোমিটার বেগে হাওয়া এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে নদীয়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলায়।










