সহেলি মিত্র, কলকাতাঃ প্রচণ্ড গরমে ঘেমে নেয়ে একাকার অবস্থা সকলের। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলার মানুষ নাজেহাল হয়ে যাচ্ছেন গরমে। এই তীব্র গরমে একটু বেশি সময়ের জন্য বাইরে থাকলেই মনে হচ্ছে যেন চামড়া পুড়ে যাচ্ছে। সেইসঙ্গে গরম ও শুষ্ক আবহাওয়া তো রয়েইছেই। এর থেকে মুক্তির উপায় কী? কবেই বা একটু শরীর ও মন ঠান্ডা হবে এমন বৃষ্টি নামবে বাংলায়? এই নিয়ে অবশেষে মুখ খুলল আলিপুর আবহাওয়া দফতর। সেইসঙ্গে আজ শুক্রবার সমগ্র বাংলার আবহাওয়া (Weather Today) কেমন থাকবে, বৃষ্টি, কালবৈশাখী হবে কি? উত্তর দিল হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন ঘণ্টায় ৬০ কিমি বেগে কালবৈশাখী সঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং পূর্ব বর্ধমান জেলায়। উল্লেখিত জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়াও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলাতেও চলবে ঝড় বৃষ্টির দাপট। তবে ব্যাপক গরমের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। বর্তমানে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত একটি ট্রাফ বিস্তৃত রয়েছে যা পূর্ব উত্তরপ্রদেশ, বিহার, উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর বাংলাদেশের উপর অবস্থিত একটি ঘূর্ণাবর্তীয় সঞ্চালনের মধ্যে অবস্থান করছে। এছাড়াও আরও বেশ কিছু সিস্টেম রয়েছে যার দরুণ বাংলার আবহাওয়া চোখের পলক ফেলতে না ফেলতেই বদলে দিচ্ছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর মৌসম ভবন জানিয়েছে, এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় এছাড়া ভারী বৃষ্টির ভ্রূকুটি রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়।
আগামীকালের আবহাওয়া
আপাতত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলায়। এছাড়া ভারী বৃষ্টি চলতে পারে কোচবিহার এবং কালিম্পং জেলায়। দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। তবে গরম ও অস্বস্তিতে ভরা আবহাওয়া বিরাজ করবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।










