সহেলি মিত্র, কলকাতাঃ ঘনিয়ে এসেছে বাংলার আকাশ। বইছে ঠান্ডা হাওয়া। সেইসঙ্গে দূরে শোনা যাচ্ছে মেঘেদের হালকা গর্জন। অর্থাৎ আকাশ বাতাস জানান দিচ্ছে কিছুক্ষণের মধ্যে বাংলাজুড়ে ব্যাপক বৃষ্টির দাপট শুরু (Weather Update) হতে চলেছে। সেইসঙ্গে দমকা হাওয়াও বইবে বলে খবর। আজ বুধবার দুপুর বা বিকেলের দিকে বাংলাজুড়ে নতুন করে দুর্যোগ শুরু হবে বলে পূর্বাভাস জারি করে জানিয়েছে হাওয়া অফিস। জেলায় জেলায় জারি করা হল সতর্কতা। আপনিও কি বাড়ি থেকে বেরনোর প্ল্যান করছেন? তাহলে জেনে রাখুন কেমন থাকবে আজকের আবহাওয়া।
বিকেলেই বাংলায় তুমুল ঝড় বৃষ্টির ভ্রূকুটি
সকাল থেকে রোদ ঝলমলে আকাশ থাকলেও ক্রমশ কালো মেঘে ঢেকে যাচ্ছে কলকাতা, হাওড়া সহ সমগ্র বাংলার আকাশ। সেইসঙ্গে রয়েছে গরম, অস্বস্তিকর আবহাওয়াও। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে। তবে চিন্তা নেই, বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ টানা দু’দিন ধৰ্মঘটের ডাক দিলেন SBI -র কর্মীরা, কবে কবে?
হাওড়া, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ জেলায় ঝড় বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে হতে পারে বলে আশঙ্কা। অর্থাৎ কালবৈশাখী অবধারিত। প্রশ্ন উঠছে, কালবৈশাখীর দাপটে কি ফিরবে স্বস্তি? সেটা হয়তো সময়ই বলবে। মঙ্গলবার আইএমডি জানিয়েছে, আগামী ৮ ই মে পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং উপ-হিমালয় জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ একটি বুলেটিনে জানিয়েছে,
অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতার প্রবেশের কারণে আগামী তিন দিন রাজ্যের বেশিরভাগ জেলায় দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
এবার জেনে নেওয়া আজ সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিসের তরফে জারি করা লেটেস্ট আপডেট অনুযায়ী, উত্তরবঙ্গজুড়ে আজ হালকা থেকে মাঝারি পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের তুলনায় কিছুটা হলে বেশি থাকবে। কোচবিহার ও আলিপুরদুয়ারে আবহাওয়া দফতর বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে।










