সহেলি মিত্র, কলকাতাঃ গভীর নিম্নচাপের কবলে বাংলা। দফায় দফায় ঝড় বৃষ্টি পাচ্ছে সমগ্র বাংলা। মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘলা বাংলার। কয়েক দফা বৃষ্টি অবধি হয়েছে। যদিও এবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সৌজন্যে মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপ। তবে আজ দক্ষিণবঙ্গ বৃষ্টিহীন থাকবে সেটাও নয়। দুপুর থেকে বিকেল বা সন্ধের মধ্যে নতুন করে বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস (Weather Update) জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে আপনারও যদি আজ বাড়ি থেকে বেরনোর প্ল্যান করে থাকেন তাহলে ছাতা অবশ্যই সঙ্গে রাখবেন।
নিম্নচাপের জেরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
জানা গিয়েছে, নিম্নচাপ অক্ষরেখা কিছুটা উত্তর দিকে সরে যাওয়ায় উত্তরবঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাচ্ছে। আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে সব এলাকায় একসঙ্গে বা সারাদিন টানা বৃষ্টি হবে না। মঙ্গলবার নদিয়া, কলকাতা, মুর্শিদাবাদ, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড় বৃষ্টির জোড়ালো সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ টোটোর পর এবার নিশানায় ATM? মোবাইল App-র মাধ্যমে মেশিন বন্ধ করার দাবি!
উল্লেখিত জেলাগুলিতে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। যদিও আবারও দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। মৌসম ভবন এই সপ্তাহে দক্ষিণবঙ্গের কিছু অংশে ৭ থেকে ১১ সেন্টিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী সাত দিন কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছেন, আগামী কয়েক ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও দুই দিনাজপুর জেলায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি থাকার সম্ভাবনা রয়েছে। সঙ্গে দাপট থাকবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার।










