প্রীতি পোদ্দার, কলকাতা: ভারী বৃষ্টির কারণে দুর্যোগের ভোগান্তি দেখা দিয়েছে উত্তরবঙ্গে (North Bengal)। তবে এবার দক্ষিণবঙ্গেও (South Bengal) বাড়তে চলেছে বৃষ্টির দাপট। পাশাপাশি সপ্তাহান্তে অর্থাৎ শনি, রবিতে ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, জারি হয়েছে হলুদ সতর্কতা। আগামীকাল, বুধবার (Weather Tomorrow) থেকেই বৃষ্টির দুর্যোগ বাড়বে বলে জানা গিয়েছে। তবে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলেই জানাচ্ছেন আবহবিদরা।
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, এইমুহুর্তে রাজস্থান থেকে বিহার পর্যন্ত মৌসুমী অক্ষরেখা হরিয়ানা এবং উত্তরপ্রদেশের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। পাশাপাশি পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তর প্রদেশ থেকে মনিপুর পর্যন্ত বিস্তৃত, যেটি উত্তরবঙ্গের ওপর দিয়ে চলে গিয়েছে। আর এইসবের কারণে গত কয়েক দিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং অত্যন্ত ভারী বৃষ্টিতে পার্বত্য এলাকায় ধস নেমে চলেছে। নিচু এলাকা প্লাবিত এবং নদীর জলস্তর বিপদসীমার উপরে বইছে। যদিও চলতি সপ্তাহে সেখানে বৃষ্টির পরিমাণ কমবে। এদিকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ বুধবার, সকাল থেকেই আকাশের মুখ ভার থাকবে, মাঝে মধ্যে হয়ত রোদের দেখা মিলবে। এদিকে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বেশি থাকায় ভ্যাপসা গরম কিছুতেই কমছে না। তবে বিকেলের পর থেকে আবহাওয়া পরিবর্তন হবে একাধিক জেলায়। জানা গিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী বৃষ্টির আশঙ্কা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলাতে। উইকেন্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: দলীয় কর্মীদের পাশে থাকার বার্তা, চালু হল ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচি, হেল্পলাইন নম্বর…
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
বৃষ্টির দুর্যোগ বজায় থাকবে উত্তরবঙ্গের একাধিক জেলায়। ইতিমধ্যেই আগামীকাল, বুধবার, ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে। বাকি জেলাতেও ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। এছাড়াও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এলাকাতেও। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে উত্তরবঙ্গে। উইকেন্ডে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই উত্তরে।










