ঘনাচ্ছে পূর্বালী নিম্নচাপ! চতুর্থীতে দক্ষিণবঙ্গের ৭ জেলায় বৃষ্টির ভ্রূকুটি, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ ফের বৃষ্টির আশঙ্কা! আজ বুধবার থেকে আবহাওয়া বদলের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। চতুর্থীর দিন (Weather Today) কলকাতা সহ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে প্যান্ডেলগুলিতে। সকলেই সবথেকে বড় উৎসবকে কেন্দ্র করে আনন্দে আত্মহারা। তবে নিম্নচাপের প্রভাবে আজ থেকে নতুন করে বর্ষণের ভ্রূকুটি রয়েছে বাংলায়। চলুন আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে বিশদে জেনে নিই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। এদিকে আগামী এক দুদিনের মধ্যে দেশের অবশিষ্ট অংশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আরও বিদায় এবং একইসঙ্গে উপদ্বীপীয় ভারতের দক্ষিণাংশে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর বৃষ্টিপাত শুরু হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে।

মান্নার উপসাগর ও সংলগ্ন দক্ষিণ তামিলনাড়ু উপকূলের ওপর অবস্থিত ঘূর্ণাবর্তটি বর্তমানে দক্ষিণ শ্রীলঙ্কা উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে। এছাড়া দক্ষিণ শ্রীলঙ্কা উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থিত ওই ঘূর্ণাবর্ত থেকে একটি পূর্বালী নিম্নচাপ অক্ষরেখা মধ্য বঙ্গোপসাগর অবধি বিস্তৃত রয়েছে। সেইসঙ্গে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক সারাদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে আবহাওয়া মোটের উপরে শুকনোই থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হলেও কোথাও ভারী দুর্যোগের সম্ভাবনা নেই।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ পঞ্চমীর আবহাওয়া সম্পর্কে বললে, এদিন দক্ষিণবঙ্গের প্রতিটি জেলা অর্থাৎ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদীয়া, হুগলী,পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া জেলায় ঝড় জলের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে বলে খবর।

google button