সহেলি মিত্র, কলকাতা: আবহাওয়ার মুড বদলে (Weather Update) কলকাতা সহ বাংলার জেলায় জেলায় প্রবল ঝড়-বৃষ্টি স্বস্তি বই এনেছে সকলের মধ্যে। তাপমাত্রাও এক লাফে বেশ খানিকটা কমে গিয়েছে। ফলে ভ্যাপসা গরম থেকে খানিক স্বস্তি পেয়েছেন সকলে। গতকাল শুক্রবার যে হারে বাংলায় ঝড় বৃষ্টি হয়েছে তা সকলকে অবাক করে রেখে দিয়েছে। আজকে তাহলে দুর্যোগ হবে না? তাহলে ভুল ভাবছেন। সকাল থেকে রোদ ঝলমলে আকাশ থাকলেও নতুন করে কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশে কালো মেঘ জমাট বাধতে শুরু করেছে। সেইসঙ্গে হাওয়াও বইতে শুরু করেছে। আজও অবশ্য জেলায় জেলায় রয়েছে দুর্যোগের ভ্রূকুটি। দুপুর বা বিকেলের পরেই খেলা শুরু হবে আবহাওয়ার।
জেলায় জেলায় দুর্যোগের ভ্রূকুটি
আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ শনিবারও জেলায় জেলায় উত্তাল ঝড়ো হাওয়া সঙ্গে কড় কড় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আসলে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলা জুড়ে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। কখনো মাঝারি তো কখনো হালকা তো কখনো সামান্য বৃষ্টিপাত হবে বাংলা জুড়ে। আপাতত দুর্যোগের ভ্রূকুটি রয়েছে সর্বত্র। শনিবার দুপুর বা বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বীরভূম জেলায় ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড় সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ সহজ করা হবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম? যা জানালেন অগ্নিমিত্রা পাল
আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা লেটেস্ট আপডেট অনুযায়ী, আগামী ৪ জুন অবধি বাংলা জুড়ে তুমুল ঝড় বৃষ্টি চলবে। গতকাল ব্যাপক ঝড়ের ফলে গাছ উপড়ে গেছে, ঘর ভেঙে গেছে এবং মেট্রো স্টেশনগুলোর ক্ষতি হয়েছে। সাতজনের প্রাণহানি অবধি হয়েছে। আইএমডি কলকাতা জানিয়েছে, অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতার প্রবেশের কারণে আগামী দুই দিন দক্ষিণবঙ্গে বজ্রপাতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
নিশ্চয়ই ভাবছেন আজ সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? জানা গিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে সপ্তাহের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, গত সপ্তাহেও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে।










