সহেলি মিত্র, কলকাতাঃ পুজো এসেই গেল। আজ শনিবার মহালয়ার সঙ্গে দেবী পক্ষের সূচনা অবধি হয়ে গেল। তবে এদিন আকাশের মতিগতি ভালো নয়। আকাশ আংশিক মেঘলা রয়েছে। ভোরের দিকে শীত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাজুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির (Weather Today) সম্ভাবনা রয়েছে বলে খবর। আজ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ পড়বে না কলকাতাও (Kolkata)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের জন্য বিশেষ সর্তকতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। আপাতত বাংলায় ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, তবে আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে রাজ্যের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, থাইল্যান্ড উপসাগর ও সংলগ্ন অঞ্চলের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী ১১ই অক্টোবর নাগাদ আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে, এর সঙ্গে উপরোক্ত ঘূর্ণাবর্তটি মিশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রভাবে আগামী ১৩ ই অক্টোবর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ এলাকা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর বাংলাদেশ সংলগ্ন আসামের ওপর অবস্থানরত ঘূর্ণাবর্তটি বর্তমানে উত্তর বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের ওপর অবস্থান করছে। সেই সঙ্গে উত্তর বাংলাদেশ সংলগ্ন আসাম থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি বর্তমানে পশ্চিম আসাম থেকে উত্তর বাংলাদেশ উপ হিমালয় পশ্চিমবঙ্গ ও সিকিম ঝাড়খন্ড ওড়িশা এবং ছত্রিশগড়ের ওপর দিয়ে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। এদিন উত্তরবঙ্গের প্রতিটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার,জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি পরিমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
নতুন করে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের সম্ভাবনা থাকলেও আগামীকাল অর্থাৎ রবিবার বাংলায় তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে, বৃষ্টিমুক্ত থাকতে পারে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলি।










