সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে পুরো ডিগবাজি খাচ্ছে বাংলার আবহাওয়া (Weather Today)। মে মাস মানেই হল জ্বলুনি গরম, লু, তাপপ্রবাহ। কিন্তু একি! এ যে উলটপুরাণ হচ্ছে। প্রতিদিন হচ্ছে ঝমঝমিয়ে ঝড় বৃষ্টি, তাপমাত্রা কমছে পাল্লা দিয়ে। আবহাওয়ার বদল হবে কি? এই নিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া মোটের ওপর এরকমই থাকবে। আজ বৃহস্পতিবারও বাংলার জেলায় জেলায় তুমুল ঝড় জলের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। অব্যাহত রয়েছে একের পর এক ঘূর্ণাবর্ত, সঙ্গে নিম্নচাপ অক্ষরেখা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলী এবং হাওড়া জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা শহরেও।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, পূর্ব উত্তরপ্রদেশের ওপর অবস্থিত উর্ধ্বস্তরীয় ঘূর্ণাবর্তয় বর্তমানে উত্তর পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উচ্চতায় বিস্তৃত। এক টানা দুর্যোগের কারণে উত্তাল থাকবে সমুদ্র। যে কারণে মৎস্যজীবীদের উদ্দেশ্যেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক আজ সারাদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। এদিন উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
শুক্রবার কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া নিশ্চয়ই ভাবছেন? হাওয়া অফিস জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। এরপর শনিবার থেকে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে। জেলায় জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। শুক্রবার আবার হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়।










