সহেলি মিত্র, কলকাতা: অবশেষে বাংলাজুড়ে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস (Weather Today) জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বৈশাখের শুরুতেই দুর্যোগের মুখে বাংলা। আজ বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে খবর। বঙ্গোপসাগর থেকে আশা ক্রমাগত জলীয় বাষ্পের জেরে দক্ষিণবঙ্গে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টির জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আপনি কি আজ বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা করছেন? তাহলে জেনে রাখুন আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া, এবং উত্তর ২৪ পরগনা জেলায়। বাকি জেলাগুলিতেও বৃষ্টি সহযোগে ঝড়ের আভাস রয়েছে। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা।
উত্তর বাংলাদেশের উপর ও সংলগ্ন এলাকায় গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতায় একটি উর্ধ্ব ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং একই উচ্চতায় উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর অবধি উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উত্তর বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত ও অসম অতিক্রম করে একটি পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা বিরাজ করছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আজ উত্তরবঙ্গের প্রতিটি জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার,কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ ঢুকবে না গরম হাওয়া, বাড়বে নিরাপত্তাও, এবার লোকাল ট্রেনেও অটোমেটিক দরজা
আগামীকালের আবহাওয়া
শুক্রবার কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সর্তকতা। যদিও অতিরিক্ত গরম এবং আর্দ্রতার ভরা আবহাওয়া বিরাজ করবে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। উত্তরবঙ্গের কথা বললে, এদিন ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। বৃষ্টির সঙ্গে হতে পারে ঝড়।










