সহেলি মিত্র, কলকাতাঃ তীব্র তাপদাহে পুড়ছে সমগ্র বাংলা। বেলা বাড়তে না বাড়তেই রোদের তেজে রাস্তায় বেরনোই দায়। কিন্তু উপায় নেয়, পেটের দায়ে মানুষকে বেরোতে হচ্ছেই বাড়ি থেকে। ছাতা, টুপি ইত্যাদি ব্যবহার করেও মিলছে না রেহাই। এ মতো অবস্থায় মানুষের প্রশ্ন একটাই, বৃষ্টি কবে আসবে? এ ব্যাপারে রয়েছে নতুন কিছু আপডেট। বুধবার বিকেলের আচমকা বৃষ্টি এনে দিয়েছিল স্বস্তি, সেইসঙ্গে কিছুটা আশার আলো। বুধবারের মতো আজ বৃহস্পতিবারেও কি রয়েছে বৃষ্টি কোনও সম্ভাবনা? মিলবে কি স্বস্তি? জেনে নেবেন আজকের আবহাওয়া (Weather Today)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। যদিও গরম ও আদ্রতায় ভরা আবহাওয়া থাকবে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।
হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে পশ্চিম বিহার ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এরই পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ-পূর্ব আরব সাগরে আরো কিছু অংশের এলাকা, দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের আরো কিছু অংশে, আন্দামান সাগরের অবশিষ্ট অংশ এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের আরো কিছু অংশে অবসর হওয়ার অনুকূল পরিস্থিতি রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে যতটা গরম থাকবে উত্তরবঙ্গে ততটাই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। এছাড়া বাদবাকি জেলাগুলিতেও চলবে ঝড় বৃষ্টির দাপট।
আগামীকালের আবহাওয়া
শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে বললে এদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায়। যদিও মাত্রাতিরিক্ত গরম থাকতে পারে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। শুক্রবার আবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়।










