সহেলি মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে বাংলা যেন ততই গরম চুল্লিতে পরিণত হচ্ছে। তাপমাত্রা তো কমছেই না বরং দিনে দিনে তা বেড়েই চলেছে, সেই সঙ্গে বাড়ছে অস্বস্তি সূচক। বাড়ি থেকে বেরোতেই দরদর করে ঘামতে হচ্ছে সকলকে। সেই সঙ্গে গায়ে ফোঁসকাও পড়ছে। আর কি তবে বৃষ্টি পাবে না বাংলা? বিশেষ করে দক্ষিণবঙ্গবাসীর কপালে কি এরকম জ্বালাপোড়া গরমই জুটবে? উঠছে প্রশ্নম কবে একটু কালবৈশাখী তেড়ে বৃষ্টি হবে সেই অপেক্ষায় চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে আছেন সকলে। যদিও এবার সকলের সেই অপেক্ষার অবসান আজ রবিবার হতে চলেছে বলে মনে করা হচ্ছে। রবিবাসরীয় দুপুরে বা বিকেলের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস (Weather Update) জারি করেছে বিভিন্ন হাওয়া অফিস।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা জারি
যত সময় যাচ্ছে বাংলা ততই যেন হিট চেম্বারে পরিণত হচ্ছে। ভাগ্যিস এখনো অবধি হাওয়া অফিসের তরফে বাংলায় তাপপ্রবাহ বা লু-এর মতো পরিস্থিতির পূর্বাভাস জারি করা হয়নি। নইলে কি যে হতো তা ভাবতে গেলেই গায়ে কাঁটা দিচ্ছে সকলের। যাই হোক স্বস্তি একটাই, মাঝেমধ্যে দমকা হাওয়া এসে সকলের মন প্রাণ জুড়িয়ে দিয়ে যাচ্ছে। আজ দুপুর বা বিকেলের দিকে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।
আরও পড়ুনঃ আসি, যাই মাইনে পাই আর নয়! রাজ্য সরকারের কর্মীদের জন্য নয়া সিস্টেম আনছে নবান্ন
বিভিন্ন হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় বজ্রগর্ভ মেঘের সঞ্চারের ফলে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবারের পর থেকে এক ধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি পারদ নামতে পারে। জুন মাসের মাঝামাঝি সময়ে বাংলায় বর্ষা প্রবেশ করতে পারে তবে তার আগে প্রাক বর্ষার বৃষ্টিতে তোলপাড় হতে পারে সমগ্র বাংলা বলে খবর
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
এবার জেনে নেওয়া যাক আজ সারাদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। দক্ষিণবঙ্গে যতই গরম পড়ুক উত্তরবঙ্গে জেলাগুলিতে প্রতিদিনই প্রায় ঝড় বৃষ্টি চলছে। কোথাও কোথাও তো আবার ভারী বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার থেকে আপাতত বুধবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। আলিপুরদুয়ারে হতে পারে অতি ভারী বর্ষণ। জেলায় জেলায় জারি করা হয়েছে কমলা, হলুদ সর্তকতা।










