তাপপ্রবাহের মাঝেই দক্ষিণবঙ্গের ৬ জেলায় তেড়ে বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ লাফিয়ে লাফিয়ে বাড়ছে বাংলার তাপমাত্রা। আর একটু পারদ চরলেই অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে যেতে পারে। আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃষ্টির পূর্বাভাস থাকলেও এই সামান্য বৃষ্টি স্বস্তি দেওয়ার বদলে গুমোট গরম আর অস্বস্তি আরও বাড়িয়ে দেবে। জানা গিয়েছে, আজ রবিবার সারাদিন আকাশ (Weather Today) আংশিক মেঘাচ্ছন্ন বা মেঘাচ্ছন্ন থাকতে পারেন। সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। প্রচুর ভ্যাপসা গরম থাকতে পারে। যাইহোক, আজ ছুটির দিনে আপনারও কি বাড়ি থেকে বেরনোর প্ল্যান রয়েছে? তাহলে জেনে রাখুন আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক রবিবার সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী,  আজ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় সঙ্গে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। যদিও অসহ্যকর গরম থাকতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক আজ উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিসের মতে, এদিন ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। এছাড়া বাদবাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টির ভ্রূকুটি রয়েছে।

আগামীকালের আবহাওয়া

সোমবার আবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।