প্রীতি পোদ্দার, কলকাতা: উত্তরবঙ্গে (North Bengal) বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে (South Bengal) কাঠফাটা গরম। বিগত কয়েকদিন কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় মেঘলা আকাশের দেখা মিললেও বৃষ্টি হচ্ছে না সেরকম। আর তাতেই বাড়ছে আরও গরম। যদিও দক্ষিণের ভাগ্যে শিকে এখনও ছেড়েনি। আগামীকাল (Weather Tomorrow) থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
বর্তমানে পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা হরিয়ানা ও উত্তরপ্রদেশের উপর দিয়ে অবস্থান করছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, প্রভাব ফেলছে রাজ্যের আবহাওয়ায়। একদিকে যেমন বাড়ছে অস্বস্তিকর গরম অন্যদিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। আগামীকালও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হবে বৃষ্টি, একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ শুক্রবার, সকাল থেকেই পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায়। এদিকে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর ভ্যাপসা গরমও বেশি থাকবে। সবচেয়ে বেশি গরম অনুভূত হবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে। যদিও আগামীকাল এবং শনিবার বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। হুগলি, উওর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতায় বেশি থাকবে
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে মারাত্মক গরমে যেখানে সবাই কাহিল সেই সময় উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির মেজাজ আগামীকাল, শুক্রবারও বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। জানা গিয়েছে, আগামী সোমবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা।










