ফের কামব্যাক গরমের! চড়চড়িয়ে বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে কেটে গিয়েছে মে মাসের প্রথম সপ্তাহ। কিন্তু এখনও পর্যন্ত বৈশাখের রুদ্র রূপ দেখল না রাজ্যবাসী। এপ্রিল মাস থেকেই উত্তর এবং দক্ষিণবঙ্গে (South Bengal) রোদ বৃষ্টির (Rain) খেলা চলে আসছে। এর জেরে সাময়িক স্বস্তি মিলেছে বেশ, তবে এবার সেই স্বস্তির দিন শেষ হতে চলেছে। আগামীকাল (Weather Tomorrow) থেকেই দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে তাপমাত্রা।

বিগত কয়েকদিন ধরে আবহাওয়া মুহূর্তে মুহূর্তে এতটাই রূপ বদলাচ্ছে যে তার মেজাজ বোঝা এখন দায়। একদিকে ভারী বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, অক্ষরেখার টানে হু হু করে জলীয় বাষ্প ঢুকছে উত্তরবঙ্গে। সেই কারণে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। তবে আগামীকাল পর্যন্ত থাকবে এই বৃষ্টির দাপট। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম এবং শুষ্ক থাকবে আবহাওয়া। প্রায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিও ক্রমশ বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।এদিকে এই গরমের মাঝেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়। শেষ আপডেট অনুযায়ী বিকেলের দিকে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই ৪ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তার সঙ্গে ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।

আরও পড়ুন: নতুন মুখ্যমন্ত্রী পদে বসতেই কর্মীদের খুলল কপাল, DA বৃদ্ধির ঘোষণা সরকারের

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে গরম বাড়লেও এখনই তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না উত্তরবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল, বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সম্ভাবনাও রয়েছে। বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার থেকে বৃষ্টি দুর্যোগ কাটবে উত্তরবঙ্গে। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।