বুধে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়, বৃষ্টি! বাড়বে গরমও, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: বৈশাখ মাস প্রায় শেষের মুখে, কিন্তু এখনও অস্বস্তিকর গরমের মুখোমুখি হতে হয়নি রাজ্যবাসীকে। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে (South Bengal) বিকেলের দিকে ঝড় বৃষ্টি (Rain) হয়েই চলেছে, যার ফলে তাপমাত্রা বেশ নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু এবার ঘুরতে চলেছে আবহাওয়া, বাড়তে চলেছে তাপমাত্রা। জানা গিয়েছে, আগামীকাল (Weather Tomorrow) বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও ঝড়বৃষ্টি হলেও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ বুধবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও বাড়বে ভ্যাপসা গরমের অস্বস্তি। ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা, থাকবে চড়া রোদ। আবহাওয়াবিদরা বলছেন, আগামী কয়েকদিনের মধ্যে ৩৬ থেকে ৩৭ ডিগ্রির ঘরে পৌঁছবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের পারদ। অন্যদিকে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের তাপমাত্রা। তবে গরম থাকলেও এখনই বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে না।

আগামীকাল বিকেলের দিকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই ৫ জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। তবে বাকি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। আশঙ্কা করা হচ্ছে আগামী বৃহস্পতিবারও এমন আবহাওয়া বিরাজ করবে।

আরও পড়ুন: লকডাউনে রেস্টুরেন্ট, ধাবা বন্ধ থাকলেও আয় কোটি কোটি টাকা, সুজিত বসুকে নিয়ে দাবি ED-র

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামীকাল উত্তরবঙ্গেও বৃষ্টি দুর্যোগের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পাশাপাশি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে।