সক্রিয় বর্ষা-নিম্নচাপের প্রকোপে দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির ভ্রূকুটি, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ সক্রিয় বর্ষা এবং নিম্নচাপের প্রভাবে সারাদিন জুড়ে বৃষ্টির পূর্বাভাস (Weather Today) জারি করল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে সরে যাওয়ায় বঙ্গোপসাগর থেকে ঘন কালো মেঘ ও জলীয়বাষ্প উপকূলবর্তী অঞ্চলে প্রবেশ করছে। এর প্রভাবেই মঙ্গলবার লাগামছাড়া তো কখনো বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। হাওড়া, কলকাতা সহ জেলায় দুর্যোগের কালো মেঘ ঘনিয়ে এসেছে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির প্রকোপ বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম থেকে কিছুতেই রেহাই মিলবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

ক্রমশ নিম্নচাপ অন্যদিকে সরছে। তবে তাই বলে বাংলায় বৃষ্টি হবে না, সেটা হতেই পারে না। এর প্রভাবে আজও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে বলে খবর। উল্লেখিত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপর অবস্থানরত নিম্নচাপ অক্ষলটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ড ও উত্তর ওড়িশার উপর অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত এবং উচ্চতার সঙ্গে দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। আগামী কয়েক ঘণ্টায় সিস্টেমটি ঝাড়খণ্ড ও উত্তর ওড়িশার উপর দিয়ে প্রায় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সমুদ্রপৃষ্ঠে মৌসুমি অক্ষরেখাটি বর্তমানে অমৃতসর, নাজিবাবাদ, শাহজাহানপুর, বারাণসী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ড ও উত্তর ওড়িশার উপর অবস্থানরত নিম্নচাপ অঞ্চলের কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রম করে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত দক্ষিণ-পূর্ব দিকে বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে বললে, মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এর পাশাপাশি বাদবাকি জেলা যেমন মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কোচবিহার এবিং কালিম্পং জেলায় মাঝারি থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বটে।

আগামীকালের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক বুধবার সঙ্গে বাংলার আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন কলকাতা, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলী সহ সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর মৌসম ভবন।