ভোটের আগে প্রি-পোল অ্যারেস্ট! ৩৬ ঘণ্টায় তৃণমূল কাউন্সিলরসহ গ্রেফতার ১৫৪৩ দুষ্কৃতী

Published:

West Bengal Election 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রথম দফার ভোট ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী ২৯ তারিখ দ্বিতীয় দফার ভোটগ্রহণ (West Bengal Election 2026)। তবে সেই পর্ব শুরুর আগেই ময়দানে নেমেছে নির্বাচন কমিশন। অবাধ ও ভয়মুক্ত নির্বাচন নিশ্চিত করার জন্য গত ৩৬ ঘণ্টায় রাজ্যজুড়ে পুলিশের বিশেষ অভিযানে ১৫৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। কমিশনের তালিকায় থাকা সম্ভাব্য অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ। এমনকি ধৃতদের মধ্যে পূর্ব বর্ধমানের এক দাপুটে তৃণমূল কাউন্সিলর রয়েছেন বলে খবর।

জেলাভিত্তিক গ্রেফতারের পরিসংখ্যান

কমিশনের তরফ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারের সংখ্যার নিরিখে সবার উপরে রয়েছে পূর্ব বর্ধমান। এই জেলায় ৪৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি উত্তর ২৪ পরগনায় ৩১৯ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২৪৬ জন, কলকাতা উত্তরে ১০৯ জন, আর হাওড়া, হুগলী, নদীয়া সহ বেশ কিছু জেলাতেও শতাধিক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

এদিকে এই অভিযানের সবথেকে বড় চমক হল—পূর্ব বর্ধমানের তৃণমূল কাউন্সিলর নাড়ু ভগৎ এর গ্রেফতারি। যদিও এখনও পর্যন্ত ঠিক কী অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে প্রশাসনের তরফ থেকে কোনও তথ্য মেলেনি। গোপনীয়তা বজায় রাখা হয়েছে। কিন্তু নির্বাচনের মুখে শাসক দলের কাউন্সিলরের এই ধরপাকড় নিয়ে বিরোধীরা যেমন সরব হয়েছে, ঠিক তেমনই ঘাসফুল শিবিরেও জলঘোলা সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: থামতে হবে না টোল প্লাজায়, ‘ব্যারিয়ার-ফ্রি’ সিস্টেম আসছে হাইওয়েতে

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই জগদ্দলসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অশান্তি ও গুলি চালানোর খবর আসছিল। এমনকি গতকাল রাতেই জগদ্দলে অশান্তিতে এক সিআরপিএফ জওয়ানকে গুলি করা হয়। এরপর কমিশন পুলিশকে স্পষ্ট নির্দেশ দেয় যে, তালিকায় থাকা দুষ্কৃতীদের কোনও ভাবেই যেন বাইরে না রাখা হয়। ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে এবং বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্যই এই প্রি-পোল অ্যারেস্ট পদক্ষেপ নেওয়া হয়েছে। এক কথায়, ভোটের মুখে কঠোর হয়েই প্রশাসন এই পথ বেছে নিয়েছে। আর প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, নির্বাচনের আগে এই ধরপাকড় অভিযান আরও চালানো হবে।