প্রীতি পোদ্দার, কলকাতা: থেমে গেল জীবন যুদ্ধের লড়াই, অধরাই থেকে গেল সাংবাদিক হওয়ার স্বপ্ন, শেষপর্যন্ত বিরল ক্যান্সার র্যাবডোমায়োসারকোমার কাছে হার মানল অশোকনগরের (Ashoknagar) ১৯ বছরের তরুণী পায়েল হালদার (Payel Halder)। দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসার আশায় পায়েলকে মুম্বইয়ে (Mumbai) নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই চলছিল চিকিৎসা। কিন্তু মঙ্গলবার রাতে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে তাঁর। এদিকে পায়েলের এই মৃত্যুর খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
বিরল ক্যান্সারে আক্রান্ত ছিলেন পায়েল
সূত্রের খবর, ২০২৩ সালে পায়েল হালদারের শরীরে মারণ রোগ র্যাবডোমায়োসারকোমার ছায়া পড়েছিল। তখন থেকেই টাটা মেডিক্যাল সেন্টারে চলতে থাকে চিকিৎসা। এমনকি দেড় বছরের চিকিৎসায় অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন তরুণী। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় উচ্চমাধ্যমিকের পরে নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে ভর্তিও হয়েছিলেন পায়েল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ফের অসুস্থতা বাড়তে থাকে তাঁর। পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি উন্নত চিকিৎসার আশায় পায়েলকে মুম্বইয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এই জন্য পরিবারের তরফে আর্থিক সাহায্যের আবেদন করা হয়েছিল। আর সেই আবেদনে এগিয়ে এসেছিল অনেকেই। কিন্তু সব চেষ্টাই বৃথা গেল।
নেমে গিয়েছিল প্লেটলেট কাউন্ট
হাসপাতাল সূত্রে খবর, গতকাল, মঙ্গলবার সকালে পায়েলের প্লেটলেট কাউন্ট নেমে আসে প্রায় ৪০ হাজারে। চিকিৎসকদের তরফে পরিবারকে জানানো হয়, কেমোথেরাপি শুরু করার জন্য অন্তত ১ লক্ষ ২০ হাজারের মতো প্লেটলেট কাউন্ট প্রয়োজন। ফলে কেমোথেরাপি দেওয়ার চিকিৎসা পদ্ধতিও শুরু করা সম্ভব হয়নি। এরই মধ্যে প্রায় বন্ধ হয়ে গিয়েছিল পায়েলের খাওয়া-দাওয়া। সকালে তাঁকে প্রায় আধ কাপ দুধজাতীয় খাবার দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত রাতেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পায়েলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ শুরু করেন বহু মানুষ। অধরা থেকে গেল তাঁর সাংবাদিক হওয়ার স্বপ্ন।
আরও পড়ুন: তৃতীয় সন্তানের জন্ম দিলে মহিলা কর্মচারীদের ১ বছরের সবেতন ছুটি, ঘোষণা রাজ্য সরকারের
ছোটো থেকেই পায়েল পড়াশোনায় বেশ মেধাবী ছিল, দ্বাদশ শ্রেণি পর্যন্ত অশোকনগর বাণীপীঠ উচ্চবালিকা বিদ্যালয়ে সে স্কুলের পড়াশোনা শেষ করেছিল। তাঁর স্বপ্ন ছিল সাংবাদিক হওয়ার। মানুষের জীবনের লড়াই, তাঁদের রোজনামচা তুলে ধরতে চেয়েছিলেন তিনি। কিন্তু সবটাই যেন থমকে হয়ে গেল। ইচ্ছেকে বিসর্জন দিয়ে সকলকে ছেড়ে চলে গেলেন পায়েল।










