প্রীতি পোদ্দার, কলকাতা: ৩০ লক্ষ টাকা দিয়ে অ্যাপ বানানো হলেও হচ্ছে না কোনো কাজ, তৃণমূল আমলে রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer) জন্য চালু হওয়া মোবাইল অ্যাপ নিয়ে উঠে এল ভুরি ভুরি অভিযোগ। জানা গিয়েছে, পূর্বতন সরকারের আমলে ওই অ্যাপে (Government App Audit) ডিজি ও আইজি পদমর্যাদার অফিসারদের সংযুক্ত করা হলেও বর্তমানে সেই অ্যাপে কোনো কাজ করা হচ্ছে না। তাই এবার অডিট শুরু করল নবান্ন (Nabanna), নজরে আনা হল তৃণমূলের আমলে সরকারি টাকায় তৈরি হওয়া অ্যাপের তালিকাগুলি।
সিভিকদের জন্য চালু করা হয়েছিল সরকারি অ্যাপ
জানা গিয়েছে, যেহেতু প্রত্যন্ত এলাকায় সিভিক ভলান্টিয়াররা ডিউটি করে থাকতেন তাই সেখানে যাতে কোনো ঘটনা ঘটে এবং দ্রুত পদক্ষেপের জন্য গোটা খবর ও ভিডিও পুলিশের কাছে পৌঁছে যায়, সেজন্য রাজ্য পুলিশের তরফে সিভিকদের জন্য তৃণমূলের আমলে চালু করা হয়েছিল ‘টাস্ক ম্যানেজমেন্ট সিস্টেম’ নামে একটি মোবাইল অ্যাপ। যাতে সেই খবরের ভিত্তিতে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যেতে পারে স্থানীয় থানার পুলিশ। এখানেই শেষ নয়, ওই ঘটনার ভিত্তিতে থানা কী ব্যবস্থা নিল তাও যাতে শীর্ষ কর্তারা জানতে পারেন সেজন্য এই ব্যবস্থা। প্রায় ৩০ লক্ষ টাকা খরচ করে একটি বিশেষজ্ঞ সংস্থাকে এই অ্যাপ বানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সেই অ্যাপেই এবার নজরদারিতে খামতি দেখা গেল।
পুরোপুরি অকেজো হয়ে গিয়েছে লক্ষ টাকার অ্যাপ
অভিযোগ উঠে এসেছে যে, অ্যাপ চালু হওয়ার পর প্রথম মাসছয়েক খুব ভালোভাবে কাজ করেছিল। কিন্তু তারপরেই এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন আধিকারিকদের একাংশ। সিভিকরা ছবি ও খবর পাঠানো বন্ধ করে দেন। এমনকি নির্দিষ্ট জায়গায় ডিউটি করছেন কি না সেটিও পাঠাতেন না তাঁরা। এছাড়াও অনেক সিভিক আবার অফিসারদের অনুমতি না নিয়েই অ্যাপ ছেড়ে বেরিয়ে যান। অর্থাৎ সরকারি অর্থে অ্যাপ তৈরি করা হলেও কাজের কাজ কিছু না হওয়ায় বছর ঘুরতে না ঘুরতেই এই অ্যাপ পুরোপুরি অকেজো হয়ে গিয়েছে। চাঞ্চল্যকর বিষয় হলো রাজ্য পুলিশের আওতায় এরকম অনেক ধরনের অ্যাপ তৃণমূলের আমলে তৈরি করা হলেও বর্তমানে অধিকাংশই আর কাজ করে না।
আরও পড়ুন: বাড়ির মুখে খাবার তুলে দিতে ভরসা একমাত্র টিনের নৌকো, ত্রাণের খোঁজে মালদার খুদে অদ্রিজা
এদিকে ২৬ এর বিধানসভা নির্বাচনের পর রাজ্যে ক্ষমতার রদবদল হতেই বিজেপি সরকার মমতা জমানায় তৈরি বিভিন্ন অ্যাপের বর্তমান হাল সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করেছে। তাঁদের দাবি, সরকারি কোষাগারের কয়েক কোটি টাকা এইভাবে নয়ছয় করা হয়েছে! ইচ্ছে করেই সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট কিছু সংস্থাকে। তাই এবার সেই দুর্নীতির গোড়া খুঁজতেই স্বভাবতই অডিট শুরু করেছে নবান্ন। অ্যাপ তৈরিতে কত টাকা খরচ হয়েছে, কোন কোন সফটওয়্যার কোম্পানি এই দায়িত্ব পেয়েছিল, পেমেন্ট হয়েছিল কীভাবে সবটাই খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। অর্থাৎ বোঝাই যাচ্ছে খুব শীঘ্রই আরও একবার তৃণমূল আমলের দুর্নীতির এক নয়া চিত্র প্রকাশ্যে আসতে চলেছে।










