সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে সরকার পরিবর্তন হতেই নতুন প্রকল্পের পাশাপাশি গতি পাচ্ছে আগের প্রকল্পগুলিও। তবে স্বচ্ছতার সঙ্গেই চলবে সমস্ত সরকারি প্রকল্প, এ কথা আগেই জানানো হয়েছে নবান্নের (Nabanna) তরফ থেকে। সেই কারণেই প্রত্যেকটি প্রকল্প নিয়ে চলছে যাচাই-বাছাই। তবে পুজোর পরপরই রাজ্যের প্রায় ৩০ লক্ষ পরিবারকে দেওয়া হবে ৬০ হাজার টাকা করে। এমনকি জেলায় জেলায় ঘুরে অফিসারদের সঙ্গে এ নিয়ে বৈঠকে সেরেছেন মন্ত্রী। কোন প্রকল্পে মিলবে এই সহায়তা?
৬০ হাজার টাকা করে পাবে ৩০ লক্ষ পরিবার
আসলে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পুজোর পরেই দেবে রাজ্য সরকার, এমনটাই জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সব মিলিয়ে ৫৫ লক্ষ মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রথম পর্যায়ে নাম নথিভুক্ত করেছেন। তবে তিনটি দফার মাধ্যমে যাচাই-বাছাই করে ৩০ লক্ষ পরিবারকে প্রথম ধাপে অর্থ সহায়তা দেওয়া হবে বলে খবর। পাশাপাশি কোনও অযোগ্য পরিবার যাতে এই প্রকল্পের সুবিধা না পায়, তা নিশ্চিত করার কথা জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী।
নবান্ন সূত্রে খবর, আনুমানিক ৫৪.৫৯ লক্ষ উপভোক্তার নাম গ্রামীণ আবাস যোজনায় অন্তর্ভুক্ত হয়েছে। ৩১ আগস্ট পর্যন্ত এই নাম নথিভুক্তির প্রক্রিয়া চলেছিল। ইতিমধ্যেই শুরু হয়েছে দ্বিতীয় দফার কাজ। বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করে মোট ৪৪.৫ লক্ষ নাম জমা পড়েছে রাজ্য সরকারের হাতে। তবে তা সত্ত্বেও চলছে পুনরায় যাচাই প্রক্রিয়া। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের স্পষ্ট বক্তব্য, অযোগ্য উপভোক্তার নাম পাওয়া গেলেই সেই দায় পড়বে বিডিওর ঘাড়ে। সেই কারণেই প্রতিটি বিডিও অন্তত ৫ শতাংশ ক্ষেত্রে পুনরায় যাচাই করছেন।
আরও পড়ুন: ঢোকেনি অন্নপূর্ণা যোজনা, বিধায়কের বাড়ি ঘিরে যা কাণ্ড ঘটালেন মহিলারা
নবান্ন সূত্রে জানা গিয়েছে, চলতি অর্থবর্ষে ৩০ লক্ষ উপভোক্তাকে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। পুজোর পরপরই মিলবে এই ৬০ হাজার টাকা। তবে দুই ধাপ মিলিয়ে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে। প্রথম ধাপের তথ্য যাচাই করার পর মিলবে দ্বিতীয় কিস্তি। এছাড়া শৌচালয় নির্মাণের জন্য রাজ্য সরকারের তরফ থেকে ১২ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এ নিয়ে ইতিমধ্যেই পঞ্চায়েত মন্ত্রী একটি বৈঠক করেছেন এবং সার্ভের জন্য ইমেইল অ্যাড্রেস দেওয়া হয়েছে বলেও খবর।










